ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে পৌরসভায় উন্নীত করার ১৫ বছর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর তিতাসপাড়ের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে পৌরসভায় উন্নীত করা হয়। এরপর ১৫ বছর পেরিয়ে গেলেও পৌরবাসী এত দিন নির্বাচিত জনপ্রতিনিধি পাননি। পৌরসভা চলেছে প্রশাসক দিয়ে। পদটি কখনো আগলে রেখেছিলেন ক্ষমতাসীন দলের অনুগত কোনো নেতা, কখনো বা সরকারি কর্মকর্তা। চার বছর আগে নবীনগরকে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা দেওয়া হয়। ১৫ বছর অপেক্ষার পর আগামীকাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন পৌরবাসী।
পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ২৭০। মেয়রসহ নয়টি কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য লড়ছেন ১০০ জন। এর মধ্যে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ৭৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে স্থানীয় লোকজন এবং বিভিন্ন দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন জানায়নি। ভোটাররা জানান, এ নির্বাচনে দলীয় পরিচয় গুরুত্ব পাবে না। প্রাধান্য পাবে আঞ্চলিকতা। আর এ কারণে প্রার্থীরা তাঁদের প্রচারণায় দলীয় পরিচয়কে প্রাধান্য দিচ্ছেন না। দল থেকে কাউকে সমর্থন দেওয়া না হলেও মেয়র পদে বিএনপি থেকে পাঁচজন এবং আওয়ামী লীগ থেকে চারজন প্রার্থী মাঠে রয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, শিবশঙ্কর দাস, শুক্কুর খান, আবদুর রহমান এবং বশির আহম্মেদ সরকার। বিএনপির প্রার্থীরা হলেন মাঈন উদ্দিন, ওবায়দুল হক, রফিকুল ইসলাম, শাহনুর খান এবং শাহাব উদ্দিন। শাহাব উদ্দিন বর্তমানে প্রচারণায় নেই। হজ পালন করতে তিনি সৌদি আরবে গেছেন। জামায়াতে ইসলামীর পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম ফারুক।
দলনিরপেক্ষ প্রার্থী হিসেবে লড়াইয়ে রয়েছেন মুমিনুল হক, ইদন খান, আবুল হোসেন মৃধা, শাহ হাছান আহম্মদ এবং মলাই মিয়া। মলাই মিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সড়কগুলো পোস্টারে ছেয়ে গেছে। প্রথমবারের নির্বাচনকে ঘিরে প্রার্থীর সংখ্যার যেমন কমতি নেই, তেমনি ভোটারদের আগ্রহও কম নয়। ২ নম্বর ওয়ার্ডের ভোটার মোবারক হোসেন চৌধুরী বলেন, ‘এটি আমাদের জন্য অপেক্ষার নির্বাচন। ভোট দেওয়ার সুযোগ পেতে ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে।’
৪ নম্বর ওয়ার্ডের বাজার মহল্লার ভোটার মওলানা মেহেদি হাসান (২৯) বলেন, পৌরসভার নাগরিক হিসেবে কর দিয়ে এলেও কোনো সেবা তাঁরা পাননি। জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌরসভায় ফায়ার সার্ভিস কার্যালয়, পাকা সড়ক এবং নদীতে বাঁধ দেওয়াসহ নানা উন্নয়নমূলক কাজ হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।