প্রতিষ্ঠার ১৬ বছর পর ভোট ২৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার প্রায় ১৬ বছর পর সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ভোট হবে।
মনোনয়নপত্র সংগ্রহ ২৭ মার্চ, বাছাই ২৯ মার্চ ও মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা তফসিল-সংক্রান্ত কাগজপত্র বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে রাতেই তফসিল নোটিশ আকারে প্রকাশ করা হয়।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আইনি জটিলতার কারণে পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ১৬ বছর পর পৌর নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা।
২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিয়ানীবাজারকে পৌরসভা ঘোষণা করা হয়। বিয়ানীবাজার সদর ইউনিয়ন ও মোল্লারপুর ইউনিয়নের আংশিক নিয়ে এ পৌরসভা গঠন করা হয়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসক নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে সদর ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন পৌর প্রশাসকের দায়িত্ব পান। এই অবস্থায় আইনি জটিলতায় পড়ে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৬ বছর বন্ধ ছিল।