প্রতিষ্ঠার ৩২ বছর পর পূর্ণাঙ্গ শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৩২ বছর পর একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার পেলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় মন্ত্রী বলেন, ‘শহীদ মিনার আমাদের বিজয়ের প্রতীক, জাতির গর্বের প্রতীক।’ তিনি আরও বলেন, ‘এত দিন এটা হয়নি বিষয়টি দুঃখজনক। তবে এখন প্রধানমন্ত্রী, তাঁর সরকারের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। এ শহীদ মিনার উদ্বোধনের মাধ্যমে এখানকার শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবারই একটি বিজয় উন্মোচিত হয়েছে।’ গতকাল দুপুর পৌনে ১২টায় শিক্ষামন্ত্রী প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুর সোয়া ১২টায় তিনি ফলিতবিজ্ঞান অনুষদ ভবনের পেছনে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞানভবন নামে দ্বিতীয় বিজ্ঞান অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে এক শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী, বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই, কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালি ভৌমিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।