প্রতিষ্ঠার ৪৮ বছর পর শহীদ মিনার নির্মাণ, শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৪৮ বছর পর চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল মঙ্গলবার নবনির্মিত শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজে এত দিন শহীদ মিনার ছিল না। এ বছর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে কলেজে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। স্থানীয় সাংসদ (চুয়াডাঙ্গা-২) আলী আজগরের ব্যক্তিগত অর্থায়নে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে আটটায় সাংসদ আলী আজগর দলের নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে প্রথম শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দেন। পর্যায়ক্রমে দর্শনা পৌরসভা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, এনজিও, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।