প্রতিহত করার ঘোষণা আ.লীগের সমুচিত জবাব দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার চট্টগ্রাম নগরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব আজ রোববার সারা দেশে হরতাল ডেকেছেন। বিএনপির নেতারা বলেছেন, হরতাল ডাকা গণতান্ত্রিক অধিকার। জনগণ এই হরতাল সফল করবে। বাধা দেওয়া হলে সমুচিত জবাব দেবে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা চট্টগ্রামে হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। হরতালের বিরুদ্ধে তাঁরা নগরে মিছিল-সমাবেশ করেছেন। হরতাল সফল করতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় নেতা-কর্মীদের চাঙা করছেন। তিনি হরতাল কর্মসূচির পক্ষে গতকাল বিকেলে তাঁর মেহেদিবাগের বাসভবনে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি অভিযোগ করেন, সরকার পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী দিয়ে রাজপথে গাড়ি চালাতে চাইলে বিএনপি বাধা দেবে। হরতালকে ব্যর্থ প্রমাণ করতে সরকার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করছে। ইতিমধ্যে দলের অন্তত ৫০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে চট্টগ্রাম থেকেই আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।খসরু বলেন, ‘হরতাল আমাদের গণতান্ত্রিক অধিকার। পালন করবে কি না, তার সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা জনগণের সমর্থনপুষ্ট হরতাল চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যমের ওপর দমনপীড়ন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিসহ দেশের সার্বিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ অবস্থায় সরকারকে বার্তা দিতেই আমরা হরতাল ডেকেছি। বিগত বিএনপি সরকারের প্রথম দেড় বছরে আওয়ামী লীগ ১০টি হরতাল দিয়েছিল। এদিকে হরতালের সমর্থনে নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহসম্পাদক এ এম নাজিমউদ্দিনের নেতৃত্বে গতকাল বিকেলে নিউমার্কেট চত্বর থেকে মিছিল বের করেন। এটি জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে নগরের দারুল ফজল মার্কেট চত্বরে সড়ক দখল করে হরতালবিরোধী সমাবেশ করা হয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সমাবেশে মহিউদ্দিন বলেন, ‘আমরা বিএনপির ডাকা অন্যায় ও গণবিরোধী হরতাল মানি না, মানব না।’ তিনি আজ রোববার সকাল থেকে দোকানপাট, অফিস-আদালত খোলা রাখা ও যানবাহন চালানোর আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ অন্যায়ভাবে হামলা করার চেষ্টা করলে আমরা চুপ করে বসে থাকব না।’ তিনি নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে মহিউদ্দিনের নেতৃত্বে হরতালবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি নগরের জুবিলি রোড, নিউমার্কেট মোড়, নতুন রেলস্টেশন ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। গ্রেপ্তার: কোতোয়ালি থানা পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ জন কর্মী-সমর্থককে গতকাল ও আগের দিন শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। হরতালের আগেই তাঁদের গ্রেপ্তার নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। তবে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, মামলার আসামি ছাড়া রাজনৈতিক কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। ১৭ জুন নির্বাচনের দিন নগরের জিমনেশিয়াম মাঠে পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়।