প্রতিহত নয়, নির্বাচনের প্রস্তুতি নিন: বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

প্রতিহত না করে নির্বাচন করার প্রস্তুতি নিতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। তার আগে তাঁদের নেত্রীকে (খালেদা জিয়া) পরিষ্কার করতে হবে তিনি নির্বাচন চান, নাকি নির্বাচন প্রতিহত করতে চান? যদি তাঁরা নির্বাচন প্রতিরোধের ঘোষণা দেন, তাঁদের সঙ্গে কোনো আলোচনা হবে না। তাই সময় থাকতে নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচন প্রতিহতের প্রস্তুতি নিয়ে লাভ হবে না।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিরোধীদলীয় নেত্রী শুধু যুদ্ধাপরাধীদের সঙ্গেই জোট করেননি, তাঁদের নিজ দলের নীতিনির্ধারণী ফোরামেরও সদস্য করে রেখেছেন। কিছুদিন পরে বিএনপি নেতা আবদুল আলীম ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হবে। তখন বিরোধীদলীয় নেত্রী কী প্রতিক্রিয়া দেখান, তার অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।