হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি পোশাকশিল্প ও শ্রমিকদের ক্ষতি করলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলনের নেতারা।গতকাল শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এ কথা বলা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক জেড এম কামরুল আনাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবুল হোসেন, আবদুল ওয়াহেদ, সিরাজুল ইসলাম, নাজমা আক্তার, মন্টু ঘোষ প্রমুখ।নেতারা রানা প্লাজা ধসের ঘটনায় তাঁদের ছয়টি দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে রানা প্লাজা ধসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, নিহত ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, দোষী ব্যক্তিদের ব্যবসায়িক সনদ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভবিষ্যতের আয়ের হিসাব বিবেচনায় ক্ষতিপূরণ দান এবং পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করার অনুমতি। বিজ্ঞপ্তি।