স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়কে পাহারা দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে মহানগর ১৪ দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে নেতারা এ আহ্বান জানান। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিককালের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘উনি বিদেশে বসে সন্ত্রাসের উসকানি দিচ্ছেন।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রয়োজনে স্বেচ্ছাসেবক বাহিনী করে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা দিতে হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমাদের সজাগ থাকতে হবে।
সংখ্যালঘুদের ওপর হামলায় বিএনপি-জামায়াতকে অভিযুক্ত করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘সাতক্ষীরা, যশোরের অভয়নগর, দিনাজপুর, বগুড়া ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ হামলায় জড়িতদের সন্ত্রাস প্রতিরোধ আইন করে বিচার করতে হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদের শিরিন আখতার প্রমুখ।