প্রতিহিংসায় কৃষকদের সেচযন্ত্রের পাইপ ধ্বংস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার নাটারাম গ্রামের কৃষক সাইজার রহমান, নওয়াব আলী, মোস্তাফিজার রহমান ও তাজকুল ইসলাম নিজ নিজ খেতের পাশে পৃথক সেচযন্ত্র (অগভীর) বসিয়ে চাষাবাদ করে আসছিলেন। ১৫ জানুয়ারি রাতে কে বা কারা জমিতে পুঁতে রাখা ওই সেচযন্ত্রগুলোর প্রায় ২০০ ফুট পাইপ, ভাল্বসহ অন্যান্য সরঞ্জাম তুলে নষ্ট করেছে।
অভিযোগ পাওয়া গেছে, ওই গ্রামের পাশের নয়াপাড়া গ্রামের তাজিকুল ইসলাম (৩০) অজ্ঞাত পাঁচ-ছয়জনকে সঙ্গে নিয়ে ১৫ জানুয়ারি রাতে খেতের পাশে মাটির নিচে পুঁতে রাখা ওই কৃষকদের চারটি সেচযন্ত্রের সরঞ্জামাদি তুলে নষ্ট করেছেন। এতে ক্ষতি হয়েছে কমপক্ষে ৭২ হাজার টাকা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সাইজার রহমান বাদী হয়ে তাজিকুল ইসলামসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে গত মঙ্গলবার বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সাইজার রহমান (৩২) বলেন, ‘আমরা এখন ধান, পাট ও সবজি আবাদ করে উত্পাদন খরচ ওঠাতে পারি না। সংসার চালানোই কষ্টকর। এ অবস্থায় সেচযন্ত্রের কিছু অংশ তুলে ও অন্য অংশে ইট-পাথরের টুকরা ঢুকিয়ে নষ্ট করে ফেলায় আবার তা বসাতে পারছি না। বর্তমানে হাতে কোনো টাকাও নেই।’
ক্ষতিগ্রস্ত আরেক কৃষক নওয়াব আলী (৩৫) বলেন, ‘শুধু হিংসার কারণে একসঙ্গে সেচকাজের ওই চারটি পাইপ নষ্ট করে ফেলা হয়েছে। এটা কোনো চোরের কাজ নয়।’
আরেক কৃষক মোস্তাফিজার রহমান বলেন, ‘হিংসারও একটা মাত্রা আছে। এটা কেমন হিংসা? এখন টাকার অভাবে আবার বোরিং করে সেচযন্ত্র চালানো অনেক কষ্টকর হবে। আমরা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি চাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বর্তমানে কৃষকেরা পানিনির্ভর বোরো চাষ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় যদি ওই চার কৃষকের সেচকাজের বোরিং (পাইপ, ভাল্ব) তুলে নষ্ট করা হয়ে থাকে, তাহলে তাঁরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, এ ধরনের কোনো অভিযোগপত্র তাঁর চোখে পড়েনি। তার পরও খোঁজ নিয়ে দেখবেন।