প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতাও দেখছেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীরা। তবে শুধু প্রতীকেই নয়, ভোটের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা ও অতীত কর্মকাণ্ডও বিবেচনায় রাখছেন ভোটাররা।
পৌরসভার ভোটাররা বলেন, শুধু দলীয় প্রতীক নয়, অতীত ও বর্তমানে প্রার্থীর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করেই তাঁরা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
গত শনিবার সকালে পৌরশহরের বিভিন্ন বাজারে, চায়ের দোকানে, রাস্তার মোড়ে মোড়ে জমে ওঠে ভোট আলোচনা। আলোচনার বিষয়বস্তু ছিল পৌর নির্বাচন। বিকেলে কথা হয় ব্যবসায়ী দুলাল দাসের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা নিয়ে সরগরম থাকছে বাজার। পানের দোকান মালিক মংলা দাস বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জাতীয় নির্বাচনের আমেজ বিরাজ করছে পৌর নির্বাচনে।
পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সাত্তার বলেন, শেরপুর পৌরসভায় নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। প্রার্থীদের ভোট পাওয়া নিয়ে তাঁদের যোগ্যতাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। গোসাইপাড়ার শমসের আলী বলেন, শুধু দলীয় প্রতীক নয়, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা তাঁদের ব্যক্তি পরিচয়েও ভোট পাবেন।
সকাল ১০টায় পৌর শহরের গোসাইপাড়া এলাকায় ভোট চাইতে আসেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার। এ সময় নৌকা প্রতীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। গণসংযোগ শেষে তিনি বলেন, দলের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা বিগত সময়ের চেয়ে এবার দলীয় প্রতীকে নির্বাচন নিয়ে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকার বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
এদিকে প্রায় একই সময়ে শহরের ঘোষপাড়া এলাকায় গণসংযোগ করেন বিএনপির দলীয় প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এবার শেরপুর পৌরসভায় ধানের শীষ প্রতীকের বিজয় হবে।
শহরের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি যুগল পাশা বলেন, দলীয় প্রতীকে অতীতে জাতীয় নির্বাচনে এই পৌরসভায় বিএনপির চেয়ে আওয়ামী লীগ সব সময় বেশি ভোট পেয়েছে। এবারের নির্বাচনেও ফল একই হবে।
পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে স্বাধীন কুমার কুণ্ডুকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে সব নেতা-কর্মী দলীয় প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।