বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন প্রতীক (মার্কা) ছাড়াই আগামীকাল রোববার অনুষ্ঠিত হচ্ছে। ব্যালট পেপারে প্রার্থীদের নামের পাশে প্রতীকের বদলে নম্বর (সংখ্যা) দেওয়া থাকবে। প্রতীক ছাড়া নির্বাচনী প্রচারণা করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন প্রার্থীরা।
বেশির ভাগ অভিভাবক স্বল্পশিক্ষিত আবার অনেক অভিভাবক অশিক্ষিত হওয়ায় প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে বারবার তাঁদের নম্বরটি (সংখ্যা) রপ্ত করানোর চেষ্টা করছেন।
নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ভোগান্তির শিকারের কথা উল্লেখ করে তিন-চারজন প্রার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, একজন অভিভাবকের ছেলেমেয়ে মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করলেই সেই অভিভাবক শিক্ষিত হবেন এমনটি নয়। মফস্বলে অশিক্ষিত অভিভাবকই বেশি। তাই ভোটের প্রতীক জানলে ভোট দিতে স্বচ্ছন্দ বোধ করেন ভোটাররা। প্রার্থীরা বলেন, প্রতীক (মার্কা) ছাড়া ভোট দেওয়া খুব কষ্টের। অনেক অভিভাবক একেবারেই অশিক্ষিত। তাঁদের নম্বর জানাতে ও বোঝাতে বেশ সময় নষ্ট করতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ১৫-২০ অভিভাবক (ভোটার) বলেন, ‘ভোট মানেই মার্কা থাকবে। আমাদের অনেকেরই স্কুলে পড়া ভাগ্যে জোটেনি। কিন্তু নিজেদের ছেলেমেয়ে এখন স্কুল-কলেজে লেখাপড়া করে। অনেক দিন পর হাইস্কুলে ভোট হচ্ছে। কিন্তু প্রার্থীরা ভোটও চাচ্ছেন। প্রার্থীদের মার্কা না থাকায় ভোট দিব কীভাবে বুঝতে পারছি না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের পরিপত্রে প্রতীকের পরিবর্তে নম্বর ব্যবহারের কথা উল্লেখ আছে। পরিপত্রের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। অভিভাবকদের শিক্ষিত ও সচেতন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটি করেছে। তবে নির্বাচনে প্রতীক থাকলে ভোটের আমেজ বাড়ে।
ইউএনও শাহেদ পারভেজ বলেন, ‘বর্তমান ব্যবস্থায় অশিক্ষিত ভোটাররা ভুল করবেন। বাস্তবতার দিকে লক্ষ রেখে এ পরিপত্রে পরিবর্তন আনা দরকার।