প্রতীক না পেলেও প্রচারণার ব্যস্ততা
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে যাঁদের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে, সেসব মেয়র ও কাউন্সিলর প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দ না হওয়া সত্ত্বেও তাঁরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এলাকাবাসীর বিভিন্ন আড্ডা বা অনুষ্ঠানে তাঁদের আগমন ঘটছে নিজ উদ্যোগেই।
সান্তাহার পৌর শহরের রেলওয়ে সাহেবপাড়া এলাকায় দেখা মিলে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মোস্তফার সঙ্গে। তিনি বলেন, ‘প্রতীক না পাওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করিনি, তবে যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, তাই ভোটারদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছি।’
বর্তমান কাউন্সিলর গোলাম মোস্তফার দাবি, ‘একাধিকবার ভোটে জয়ী হয়ে প্রতিনিধি হয়েছি। এবারেই আমার জীবনের শেষ ভোট। এবারও ভোটাররা আমাকে নিরাশ করবে না।’
শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কাউন্সিলর জিআরএম শাহাজাহান বলেন, ‘এখনো প্রতীক পাইনি। কিন্তু আবার যে ভোট করছি তা জানান দেওয়ার জন্য প্রতীক পাওয়ার আগেই এলাকার মানুষের কাছে যাচ্ছি এবং তাদের দোয়া চাচ্ছি।’
সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থী লাভলী বেগম বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই তিনি এলাকার মানুষের কাছে যাচ্ছেন। তিনি বলেন, ‘ভোটের বেশি সময় নেই। তাই প্রতীক পাওয়ার আগেই মানুষের কাছে ছুটছি।’
সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কার্যালয়ে গতকাল সোমবার সকালে বিদ্যুৎ সপ্তাহ পালন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ সপ্তাহ পালনের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য এসেছি। পাশাপাশি ভোটারদের কাছে দোয়া চাইছি।’
সান্তাহার পৌর এলাকার পৌঁওতা গ্রামের বাসিন্দা মনসুর আলি বলেন, এবারের ভোট যেহেতু দলীয়ভাবে হচ্ছে, তাই মেয়র পদপ্রার্থীদের প্রতীক কী, তা আগে থেকেই জানা। তাই প্রতীক বরাদ্দের আগেই তাঁরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।