প্রতীক নিয়ে লড়াই, লটারিতে সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই প্রতীক একাধিক প্রার্থী চাওয়ায় বিপাকে পড়েন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে লটারির মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়।
উপজেলার দুপচাঁচিয়া সদর, চামরুল, জিয়ানগর, গুনাহার ও গোবিন্দপুরে ২৮ মে ভোট হবে। প্রতীক বরাদ্দ নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গতকাল শুক্রবার প্রার্থীদের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের ৪০টি ও স্বতন্ত্র প্রার্থীদের ১০টি প্রতীকের পাশাপাশি সংরক্ষিত নারী সদস্যপদে ১০টি ও সাধারণ সদস্য পদে ১২টি প্রতীক নির্ধারিত আছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৩টি ওয়ার্ডে একাধিক প্রার্থী একই প্রতীক বরাদ্দ চান। এর মধ্যে রয়েছে সংরক্ষিত নারী সদস্যপদে ‘মাইক’, ‘কলম’ ও ‘তালগাছ’ এবং সাধারণ সদস্যপদে ‘ফুটবল’ ও ‘মোরগ’ প্রতীক। পরে রিটার্নিং কর্মকর্তারা লটারির মাধ্যমে বিষয়টির সমাধান করেন।
চামরুল ইউপির ২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী পিয়ারা বেগম ‘মাইক’ প্রতীক চেয়েও পাননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, ‘কয়েকটি প্রতীক নিয়ে টানাটানি শুরু হয়। আমরা প্রার্থীদের আপস করার সুযোগ দিই। তা না হলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দিই।’