ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় দফা নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তবে দল ও প্রতীক নয়, প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, সততা ও প্রয়োজনে যাঁকে কাছে পাবেন তাঁকেই ভোট দেবেন ভোটাররা।
উপজেলার বেংহারী বনগ্রাম, বোদা, ঝলইশালশিরী ইউনিয়নের ভোটারদের সঙ্গে গতকাল শুক্রবার কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, ইউপি সদস্য পদে ১৯৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বিলুপ্ত ছিটমহলের এলাকা বিভাজন এবং ছিটমহলবাসীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় কাজলদিঘি কালিয়াগঞ্জ, বড়শশী, মাড়েয়া ও ময়দানদিঘি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা বাজারে দেখা হয়, শালশিরী গ্রামের আবদুল গফুরের (৫০) সঙ্গে। কেমন প্রার্থীকে ভোট দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘দলীয় প্রতীক দেইখা না, প্রার্থী দেইখাই ভোট দিমু।’ একই এলাকার স্কুলশিক্ষক শাহজাহান আলী বলেন, ‘প্রার্থীদের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে ভোট দিব।’
বেংহারী বনগ্রামের রিকশাভ্যানচালক বাবুল হোসেন বলেন, ‘বিপদ-আপদে যারে কাছে পাই, সেই প্রার্থীরেই ভোট দিমু।’ একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান (৬০) বলেন, ‘প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আশা করেছিলাম দলগুলো জনপ্রিয় ও যোগ্য প্রার্থী দেবে। কিন্তু তা হয়েছে বলে মনে হচ্ছে না। দলীয় প্রার্থী বিবেচনায় ভোট দেব না। সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে যিনি অবদান রাখতে পারবেন তেমন প্রার্থীকেই ভোট দিব।’
সোনাচান্দি গ্রামের গৃহবধূ জেসমিন আকতার (৩৫) বলেন, ‘এবারের নির্বাচন দলীয়ভাবে হলেও ভোট দেব প্রার্থী দেখে। কারও কথায় ভোট দেব না।’ একই গ্রামের কৃষক হাবিবুর রহমান (৫৫) বলেন, ‘যাঁরা সুখ-দুঃখে পাশে থাকে, তেমন প্রার্থীকে দেখে ভোট দেব।’
বেংহারী বনগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান (বিএনপি বিদ্রোহী) প্রার্থী নাজমুল হক বলেন, ‘এবার ভোটাররা দল নয়, যোগ্য প্রার্থী দেখেই ভোট দিবে।’
বোদা ইউনিয়নের বালাভীড় গ্রামের জয়নুল আবেদীন বলেন, ‘এবার প্রথম ভোটার হইছি। ভোট দিমু দেইখা-শুইনা।’ একই এলাকার মোশারফ হোসেন (৬০) বলেন, ‘মার্কা দেইখা না, ভোট দিমু লোক দেইখা।’ এলজিইডির সড়ক সংস্কারকাজে নিয়োজিত রহিমা খাতুন (৪৫) বলেন, ‘গরিব মানষির সঙ্গে যাঁরা আছে, তাঁদেরই ভোট দিমু।’
বোদা ইউপির বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী আবু বক্কর সিদ্দিক মহব্বত বলেন, ‘দল মনোনয়ন দিতে ভুল করেছে। আশা করি, মানুষ দলীয় প্রতীকে নয়, প্রার্থী হিসেবে আমাকেই নির্বাচিত করবে।’
চন্দনবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দল মনোনয়ন দিতে ভুল করেছে। জনগণ আমার সঙ্গেই আছে।’
সাকোয়া ইউনিয়নের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী মো. মোজাফফর রহমান বলেন, ভোটে কারচুপি না হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী সায়েদ জাহাঙ্গীর হাসান বলেন, ‘এবারের ভোট একটু আলাদা। ভোটারের সিদ্ধান্তের ওপর এলাকার উন্নয়ন নির্ভর করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়াল বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।