বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের দুজন বিদ্রোহীসহ তিনজন প্রার্থী থাকলেও এর সুফল বিএনপির ঘরে যাবে না বলে মনে করেন অনেক ভোটার। এর পেছনে তাঁদের যুক্তি হলো, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শাহাদাত ও সাবেক মেয়র শাহজাহানের ‘ভোট ব্যাংক’ ও সুনাম এবারের নির্বাচনে এখানে দলীয় প্রতীকের প্রভাবকে ম্লান করে দিয়েছে।
তাঁরা মনে করেন, সুষ্ঠু ভোট হলে বরগুনায় এবার প্রতীক নয় ব্যক্তির সুনাম, দক্ষতা এবং অতীত কর্মকাণ্ড ভোটারদের কাছে বেশি প্রাধান্য পাবে।
তবে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মনে করেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির ভোটাররা ব্যক্তি দেখে নয়, দলীয় প্রতীকেই ভোট দেবেন এবং সাধারণ ভোটাররাও সেদিকে ঝুঁকবেন।
অবশ্য শহরের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললে তাঁরা নেতা-কর্মীদের এমন কথায় একমত হননি। লুৎফর রহমান নামে শহরের সদর সড়কের এক ভোটার বলেন, নির্বাচনী হালচাল দেখে যা মনে হচ্ছে তাতে দল নয়, বরং ব্যক্তির সুনাম ও কর্মকাণ্ডকেই সাধারণ ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে বেশি প্রাধান্য দেবেন বলে মনে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা সরকারি কলেজের স্নাতক শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগ ও বিএনপি যতই মনে করুক তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে, কিন্তু তাদের মাথায় রাখা দরকার, এখানে দুই দলের মোট ভোটের চেয়ে দল-নিরপেক্ষ ভোট অনেক বেশি। যিনিই জয়ী হন না কেন, তাঁর জয়ের ক্ষেত্রে এই ভোটাররা গুরুত্বপূর্ণ। এই ভোটাররা প্রতীক নয়, বরং বিবেচনা করে পছন্দের ব্যক্তিকেই ভোট দেবেন।
নাম প্রকাশ না করার শর্তে শহরের এক প্রবীণ শিক্ষক বলেন, আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান নির্বাচনী মাঠে নতুন। ১৪ ডিসেম্বর তাঁর সমর্থকেরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শাহাদাতের উঠান বৈঠকে হামলা চালানোয় এবং শাহাদাতের প্রচারণায় বাধা দেওয়ায় কামরুল আহসান সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে শুরুতেই একটি নেতিবাচক বার্তা গেছে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব মৃধা এই ধারণাকে নাকচ করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘বর্তমান মেয়র শাহাদাত হোসেন ও সাবেক মেয়র মো. শাহজাহান বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। এখন তাঁরা আর আমাদের দলের কেউ নন। তাই দলীয় ভোটাররা শেষ পর্যন্ত নৌকা প্রতীকেই ভোট দেবেন। হয়তো কিছু ভোট তাঁদের (বিদ্রোহী) বাক্সেও যেতে পারে। তাতে দলীয় প্রার্থীর কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। আর নির্বাচনী মাঠে এ ধরনের একটু-আধটু বিশৃঙ্খলা হতেই পারে। সেটাকে বড় করে দেখার কিছু নেই।’
এবারের নির্বাচনে প্রতীকের প্রভাব কতটা থাকবে—এমন প্রশ্ন করা হলে মোতালেব মৃধা বলেন, ‘আমার তো মনে হয় ভোটাররা প্রতীককেই শেষ পর্যন্ত প্রাধান্য দেবেন।’ বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামও একই রকম কথা বলেন। তিনি বলেন, ‘ভোটাররা ব্যক্তি নয়, এবার প্রতীকের পক্ষেই ভোট দেবেন।’
এস এম নজরুল দাবি করেন, ‘আওয়ামী লীগের তিনজন প্রার্থী হয়েছেন। সে ক্ষেত্রে তাঁদের (আওয়ামী লীগ) ভোট তিন ভাগ হয়ে যাবে। কিন্তু আমাদের ভোট ভাগ হবে না। বিএনপি ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করছে।’
প্রসঙ্গত, বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসানকে। এর বাইরে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) শাহাদাত হোসেন ও সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য (বহিষ্কৃত) মো. শাহজাহান বিদ্রোহী প্রার্থী হয়েছেন।