প্রতীক পেয়েই প্রচারণায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও মার্কা পেয়েই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন কুড়িগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী আবদুল মোত্তালেব ওরফে লিজার। হাইকোর্টের আদেশে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ গত সোমবার কাউন্সিলর প্রার্থী আবদুল মোত্তালেবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাঁকে টেবিল ল্যাম্প প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য গোপনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা আবদুল মোত্তালেবের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের কাছে আপিল করেন। এখানে আগের আদেশই বহাল রাখা হয়। পরে হাইকোর্টে রিট দায়ের করলে বিজ্ঞ বিচারক ১৫ ডিসেম্বর আবদুল মোত্তালেবের মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেন। আইনজীবী দিয়ে সত্যায়িত এ রায়ের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে ফ্যাক্সে পাঠানো হয়। গত শনিবার (১৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার দপ্তরে হাইকোর্টের জাবেদা কপি জমা দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা না পাওয়ায় গত রোববার পর্যন্ত তিনি প্রতীক বরাদ্দ পাননি। ফলে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতে পারছিলেন না। সোমবার প্রতীক পাওয়ার পর তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।
আবদুল মোত্তালেব বলেন, যথাযথভাবে উচ্চ আদালতের কাগজ দাখিলের পরও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধতার ব্যাপারে বিলম্ব করেন। ২৮ ডিসেম্বর প্রচারণা শেষ হয়। অথচ মার্কা বরাদ্দ দেওয়া হয় সোমবার। ফলে বিলম্বে প্রচারণা শুরু করতে হয়। তিনি বলেন, ‘সবার দোয়া ও সহযোগিতা পেলে পেছনে থেকেই এগিয়ে যাব। আর আল্লাহর রহমতে নির্বাচিত হলে ৯ নম্বর ওয়ার্ডকে কুড়িগ্রাম পৌরসভার আদর্শ ওয়ার্ডে পরিণত করতে কাজ করব।’
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়নপত্রের বৈধতা এবং মার্কা বরাদ্দ দিতে হয়। উচ্চ আদালতের আদেশের কপির সত্যতা যাচাইয়ের পর স্বল্প সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।