প্রতীক বরাদ্দের আগেই পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে এরই মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানোসহ মোটরসাইকেল মহড়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, জিয়ানগর ইউপির বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাকিম নৌকা প্রতীকের পোস্টার সাঁটিয়েছেন। এসব পোস্টারে দলীয় নেতাদের ছবির পাশাপাশি প্রার্থীর নিজের ছবিও রয়েছে। গ্রামে গ্রামে তাঁর কর্মী-সমর্থকেরা ভোটারদের মধ্যে হ্যান্ডবিল বিলি করছেন। চামরুল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানও একইভাবে প্রচারণা চালাচ্ছেন। দুপচাঁচিয়া সদরে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ ফকির মোটরসাইকেলের বহর নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন। এসব মোটরসাইকেলে হলুদ রঙের কাপড়ে নৌকার প্রতীক রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জিয়ানগরের চেয়ারম্যান পদের একজন প্রার্থী বলেন, নাশকতার মামলায় বিএনপির প্রার্থী এলাকাছাড়া। তাঁর কর্মী-সমর্থকদের মামলার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় বিএনপির প্রার্থী ও ইউপির বর্তমান চেয়ারম্যান তাঁর স্ত্রীর মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইউপির চেয়ারম্যান পদের আরেক প্রার্থী বলেন, এভাবে নির্বাচন করা যায় না। আওয়ামী লীগের প্রার্থী প্রতিদিন মোটরসাইকেলে মহড়া দিচ্ছেন। তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রশাসনকে জানালেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জিয়ানগর ইউপির আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাকিম বলেন, ‘আমার কর্মী-সমর্থকেরা হ্যান্ডবিল বিলি করে থাকতে পারেন।’
এসব ইউপিতে ২৮ মে ভোট। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাকিমকে সতর্ক করে চিঠি দিয়েছি। এরপরও আচরণবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে।’