প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ছাপিয়ে প্রচারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে এক সদস্য পদপ্রার্থী প্রতীক বরাদ্দের আগেই তাঁর ছবি এবং প্রতীকসংবলিত পোস্টার ছাপিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। গত ২৯ মে দাখিলকৃত ওই অভিযোগে জানা গেছে, উপজেলার গান্ধাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন গত ২৬ মে থেকে নিজের ছবি ও মোরগ মার্কা প্রতীকসংবলিত পোস্টার ছাপিয়ে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাঁটিয়ে প্রচারণা শুরু করেন। এই ইউনিয়নের নির্বাচন আগামী ১৯ জুন। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ জুন। ইউএনও সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, কাজিপুর থানার পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে গতকাল মঙ্গলবার আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।