প্রতীক বরাদ্দের দিনে খাবার হোটেলগুলো জমজমাট
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিনে জমজমাট হয়ে ওঠে উপজেলা সদরের খাবার হোটেলগুলো।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন তিনটি হোটেলে খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহের শেষ দিন হওয়ায় এ দিন অনেকেই বাড়ি চলে যান। ফলে দুপুরে খাবার খেতে আসেন কম মানুষ। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন হওয়ায় লোকসমাগম ছিল অনেক। তাই হোটেলের মালিকেরাও বেশি লোকের খাবারের আয়োজন করেছেন বলে জানান।
হোটেলের মালিক জহুরুল ইসলাম বলেন, পাঁচ কর্মদিবসের শেষ দিন বৃহস্পতিবার বরাবরই বসে বসে কাটাতে হয়। কিন্তু গতকাল বসার সুযোগ ছিল না। কাস্টমার সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে তিনি জানান।
আরেকটি হোটেলের মালিক ইয়াকুব হোসেন বলেন, ‘নির্বাচনের কারণে অনেকেই ভালো খাবার খেয়ে থাকে। অনেক মানুষ আজ একসঙ্গে খেতে আসবেন ধারণা করেই বেশি আয়োজন করেছি এবং ভালো বিক্রি হয়েছে।’
উপজেলা সদর ধানগড়া বাজারের রিভারভিউ হোটেলের ব্যবস্থাপক সিফাতউল্লাহ সুমন বলেন, নির্বাচনী আমেজে বর্তমানে ভালোই বিক্রি হচ্ছে।
প্রতীক বরাদ্দের দিনে সঙ্গে আসা লোকজনকে খাওয়ানোর বিষয়ে তিন চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, কর্মী-সমর্থকদের খুশি রাখতে সঙ্গে আনতে হয়, তাঁদের পছন্দের খাবারও খাওয়াতে হয়। মোটরসাইকেল এমনকি ট্রাক ভাড়া করেও এদিন সমর্থকেরা সঙ্গে আসেন বলে জানান চেয়ারম্যান প্রার্থীরা।