প্রতীক বরাদ্দের পর কর্মমুখর ছাপাখানা
পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর চুয়াডাঙ্গার ছাপাখানাগুলো সরগরম হয়ে উঠেছে। চার পৌরসভার মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের নির্বাচনী ব্যয়ের বড় অংশটি পোস্টার-লিফলেট তৈরির জন্য ব্যয় করবেন। ছাপাখানাগুলোতে এখন দিন-রাত পোস্টার-লিফলেট ছাপার কাজ চলছে।
চুয়াডাঙ্গায় চারটি পৌরসভা হলো চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর। এবার চার পৌরসভায় মেয়র পদে ১৭, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৪ ও সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা সবাই আগে থেকেই জনসংযোগ করছিলেন। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নতুন মাত্রা পেয়েছে তাঁদের প্রচারণায়। তাঁরা প্রতীক-সংবলিত লিফলেট নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। সমর্থকেরা এলাকাজুড়ে পোস্টার লাগাতে ব্যস্ত। তাই এখন কর্মব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। জেলা শহরে বর্তমানে ছোট-বড় নয়টি এবং আলমডাঙ্গা, জীবননগর ও দর্শনায় দুটি করে ছাপাখানা রয়েছে। এই ১৫টি ছাপাখানায় ভোটের পোস্টার ও প্রচারপত্র ছাপানোর কাজ চলছে পুরোদমে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে সম্ভাব্য খরচের হিসাবও দিয়েছেন। খরচের খাতের বড় একটি অংশজুড়েই রয়েছে পোস্টার, হ্যান্ডবিল ও লিফলেটের সম্ভাব্য হিসাব। প্রতিদ্বন্দ্বী ১৭ মেয়র, ৫৪ সংরক্ষিত কাউন্সিলর ও ১৬৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর হিসাব দেখে একটি গড় বের করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পোস্টার, হ্যান্ডবিল ও লিফলেট বাবদ গড়ে একজন মেয়র প্রার্থীর খরচ ৩২ হাজার ২০০, সংরক্ষিত কাউন্সিলরের খরচ ১০ হাজার ১০০ ও সাধারণ কাউন্সিলরদের ৯ হাজার ৪০০ টাকা করে খরচ হবে। এ হিসাব অনুযায়ী সব মিলে চুয়াডাঙ্গার ছাপাখানাগুলোতে এবার পৌর নির্বাচন উপলক্ষে প্রায় ২৬ লাখ টাকার পোস্টার, হ্যান্ডবিল ও লিফলেট ছাপা হবে। কিন্তু প্রকৃতপক্ষে এই খাতে ব্যয় আরও বেশি হবে বলে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।
চুয়াডাঙ্গার ছাপাখানা হুছাইন প্রিন্টিং প্রেসের মালিক আল ইমরান বলেন, কাগজ ও কালির মান অনুযায়ী ছাপানোর খরচ কম-বেশি হয়ে থাকে। সে অনুযায়ী ব্যয় কম-বেশি হতে পারে।