কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নয়জন মেয়র পদপ্রার্থী ও ২৮৬ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন কুমিল্লা টাউন হলে ওই প্রতীক বরাদ্দ দেন।প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারে নামেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আর বেলা দুইটার পর থেকেই শুরু হয় মাইকিং ও পোস্টার সাঁটানো। কুমিল্লা নগর এখন নির্বাচনী আমেজে ভরপুর।আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান পেয়েছেন আনারস প্রতীক। ‘সম্মিলিত নাগরিক কমিটি’ সমর্থিত মনিরুল হক সাক্কু পেয়েছেন হাঁস প্রতীক।অন্য মেয়র পদপ্রার্থীদের মধ্যে এয়ার আহমেদ টেলিভিশন, নূর-উর রহমান মাহমুদ চশমা ও আনিসুর রহমান জাহাজ, চঞ্চল কুমার ঘোষ ঘোড়া, শিরিন আকতার তালা, সালমান সাঈদ দোয়াত-কলম ও মো. মামুনুর রশিদ পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক। এয়ার আহমেদ জাতীয় পার্টির সমর্থন পেয়েছেন। আর নূর-উর রহমান ও আনিসুর রহমানকে দেখা হচ্ছে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে।মাইকিং ও পোস্টার সাঁটানো: প্রতীক বরাদ্দের পরপরই নগরজুড়ে মাইকিং শুরু করেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। এর মধ্যে আফজল খানের আনারস, মনিরুল হকের হাঁস ও আনিসুর রহমানের জাহাজ প্রতীকের পক্ষে নগরে মাইকিং হয়েছে। আফজল খান প্রথম দিনেই প্রচারপত্র (লিফলেট) ও পোস্টার ছেড়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মাইকিং করতে পারবেন। কোনো অবস্থাতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে কমিশন কঠোর ব্যবস্থা নেবে।’গতকাল সকালে প্রতীক বরাদ্দের পর মনিরুল হক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘জনগণের চাপে প্রার্থী হয়েছি। পৌরসভার মেয়র থাকাকালে প্রচুর কাজ করেছি। জনগণের রায় পেলে কুমিল্লাকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলব।’অন্যদিকে আফজল খানের পক্ষে তাঁর বড় ছেলে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ পারভেজ খান বলেন, ‘আব্বুর জীবনের শেষ চাওয়া এবারের সিটি নির্বাচন। জয়ী হলে তিনি নগরবাসীর যানজট নিরসন, নাগরিক সুযোগ-সুবিধা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলবেন।’