প্রতীক বরাদ্দের পরপরই গতকাল সোমবার বিকেল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোট চেয়ে প্রার্থীদের পক্ষে মাইকিংয়ে প্রচারণা শুরু হয়েছে। কখনো স্লোগানে, কখনো সুরে সুরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলে। ব্যস্ততা বেড়েছে ছাপাখানা ও কম্পিউটারের দোকানেও।
মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলমের ‘নৌকা’ ও বিএনপির প্রার্থী সৈয়দ আবুল মুনছুর ‘ধানের শীষ’ এবং জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নবী ভুঁইয়ার ‘লাঙ্গল’ পাবেন তা আগেই জানা ছিল। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীরা এবং কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড পৌরসভায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মধ্যে সফিউল আলম পেয়েছেন ‘নারিকেলগাছ’ প্রতীক, সিরাজ-উদ-দৌলা পেয়েছেন ‘জগ’। এ ছাড়া জামায়াত-সমর্থিত প্রার্থী তাওহীদুল হক চৌধুরী পেয়েছেন ‘মোবাইল ফোন’।
মেয়র পদপ্রার্থী সিরাজ-উদ-দৌলা বলেন, প্রতীক বরাদ্দের পর একটি কম্পিউটারের দোকান থেকে তাৎক্ষণিকভাবে কিছু পোস্টার ছাপিয়ে প্রচারণা শুরু করেছেন। একই কথা বলেছেন আরেক মেয়র প্রার্থী সফিউল আলম।
বিএনপির প্রার্থী সৈয়দ আবুল মুনছুরের পক্ষে ডিজিটাল ব্যানার নিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম বলেন, পোস্টার ও ব্যানারসহ দলের কর্মী-সমর্থক-নেতাদের নিয়ে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রার্থীরা মাইকিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন।