প্রতীকী অনশন বিশিষ্টজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোবা গার্মেন্টসের কর্মীদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনা আদায়ের আন্দোলনে সংহতি প্রকাশ করে আয়োজিত এক প্রতীকী অনশনে বিশিষ্টজনেরা। গতকাল জাতীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয় l প্রথম আলো
তোবা গার্মেন্টসের কর্মীদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনা আদায়ের আন্দোলনে সংহতি প্রকাশ করে আয়োজিত এক প্রতীকী অনশনে বিশিষ্টজনেরা। গতকাল জাতীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ প্রতীকী অনশন অনুষ্ঠিত হয় l প্রথম আলো

বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনশনরত তোবা গার্মেন্টসের শ্রমিকদের পক্ষে প্রতীকী অনশন করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানান। এ ছাড়া শ্রমিকদের জিম্মি করে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ারকে মুক্ত করারও নিন্দা জানান তাঁরা।
গতকাল বুধবার জাতীয় শহীদ মিনারের সামনে আয়োজিত প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করেন শিক্ষক, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত অনশন চলে।
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ সময় বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা তৈরি পোশাকশিল্প নিয়ে গর্ব করি, অথচ এটি নির্মম সত্য যে এই শ্রমিকদের নিপীড়ন, বঞ্চনা সহ্য করে অনাহারে দিন কাটাতে হয়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শ্রমিকদের আন্দোলন সফলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, শ্রমিকেরা যে এ কদিন ধরে ঐক্যবদ্ধভাবে লড়ছেন, এটি বিজয়ের লক্ষণ। গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, পোশাকশ্রমিকেরা রিলিফ চাননি, তাঁদের পাওনা চেয়েছেন। মালিকেরা শ্রমিকদের ঘামের টাকায় বিদেশ ভ্রমণ করেন, অথচ শ্রমিকের পাওনা পরিশোধ করেন না। তিনি সরকারকে মালিকদের পক্ষ না নেওয়ার আহ্বান জানান।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমাদের এখানে ‘বর্বর পুঁজিবাদের’ অনুশীলন চলছে। শ্রমিকদের অধিকারবঞ্চিত করে কোনো ব্যবস্থা চলতে পারে না।
অনশন অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের অধ্যাপক আনোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক এ এম রাশেদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শফিউজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, খালেকুজ্জামান ভূঁইয়া, রুহিন হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, অরূপ রাহী, প্রমুখ।