প্রতীকী আয়োজনে শিরশ্ছেদের প্রতিবাদ
রোদঝলমল সকালে জাতীয় জাদুঘরের সামনে প্রকাশ্যে শিরশ্ছেদ! কালো আলখাল্লা পরা দুই জল্লাদ উঁচিয়ে ধরেছে চকচকে তলোয়ার। তাদের সামনে পিছমোড়া করে হাত বাঁধা আটজন মানুষ। বহু কৌতূহলী মানুষ ঘিরে দাঁড়িয়ে, যেন অচিরেই নেমে আসবে জল্লাদের তলোয়ার।গতকাল শনিবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের প্রধান ফটকের সামনের রাজপথে আসলে শিরশ্ছেদের কোনো রক্তাক্ত ঘটনা ঘটেনি। এটি ছিল সম্প্রতি সৌদি আরবে শিরশ্ছেদ করে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতীকী প্রতিবাদ।ম্যাজিক মুভমেন্ট নামের একটি সংগঠন ওই দৃশ্য উপস্থাপনের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার এই বিশেষ পদ্ধতির প্রতিবাদ জানায়। তারা প্রকাশ্য রাজপথে শিরশ্ছেদ করার প্রতীকী উপস্থাপনের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের এই পদ্ধতির বীভৎসতা তুলে ধরার চেষ্টা করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিরশ্ছেদ-পদ্ধতি বাতিলের দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। সংগঠনের পক্ষে সিমু নাসের ও আশীফ এন্তাজ বলেন, ‘খবরে প্রকাশিত হয়েছে, একই পদ্ধতিতে সৌদি আরবে আরও পাঁচ বাংলাদেশির শিরশ্ছেদ করা হবে। আমরা মৃত্যুদণ্ড কার্যকর করার এই অমানবিক প্রথা বাতিল করে অর্থদণ্ড, কারাদণ্ড বা অন্য যেকোনো পদ্ধতিতে সাজা দেওয়ার দাবি জানাই।’