প্রতীকী ইট কিনলেন কেএফসিসহ তিন প্রতিষ্ঠানের সদস্যরা

মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের নির্মাণকাজের জন্য ট্রান্সকম গ্রুপ পরিচালিত তিনটি প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা দুই লাখ ৭০ হাজার টাকা মূল্যের প্রতীকী ইট কিনেছেন। আজ বুধবার বেলা একটার দিকে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই ইটের মূল্যমানের অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির হাতে তুলে দেওয়া হয়।
ট্রান্সকম গ্রুপ পরিচালিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে কেএফসি, পিৎজা হাট ও পিৎজা হাট ডেলিভারি রেস্টুরেন্ট। এগুলোর ২৭টি শাখা থেকে ১০ হাজার টাকা করে এই টাকা দেওয়া হয়।
কেএফসির পল্টন শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির পক্ষে সরোয়ার আলী ও তারেক আলী এই অর্থ গ্রহণ করেন।
এ সময় ট্রান্সকম ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী, কেএফসি ও পিৎজা হাটের ফ্র্যাঞ্চাইজি ইয়াম রেস্টুরেন্ট ইন্টারন্যাশনালের সুমিত আরোরা ও ভিবেক জর্জ, মুক্তিযোদ্ধা কর্নেল সাজ্জাদ জহির বীর প্রতীক এবং সংগীত শিল্পী তপু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আক্কু চৌধুরী বলেন, কেএফসি, পিৎজা হাট ও পিৎজা হাট ডেলিভারি রেস্টুরেন্টে কর্মরত সদস্যরা নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে অবদান রাখতে পেরে আনন্দিত।
সরোয়ার আলী বলেন, নতুন জাদুঘরটি হবে জনগণের। এতে কেএফসি, পিৎজা হাট ও পিৎজা হাট ডেলিভারি রেস্টুরেন্ট যে অবদান রেখেছে, তাতে আমরা মুগ্ধ।
এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণকাজের জন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম একটি প্রতীকী ইট কিনতে পারবেন। এই ক্ষেত্রে প্রতিটি প্রতীকী ইটের মূল্যমান ধরা হয়েছে ১০ হাজার টাকা।