প্রতীকী ইট কিনলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরের ভবন নির্মাণে অর্থ-সহায়তা করলেন ট্রান্সকম গ্রুপের তিন প্রতিষ্ঠানের সদস্যরা। এ উপলক্ষে গতকাল কেএফসির পল্টন শাখায় অনুষ্ঠানের আয়োজন করা হয় l প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরের ভবন নির্মাণে অর্থ-সহায়তা করলেন ট্রান্সকম গ্রুপের তিন প্রতিষ্ঠানের সদস্যরা। এ উপলক্ষে গতকাল কেএফসির পল্টন শাখায় অনুষ্ঠানের আয়োজন করা হয় l প্রথম আলো

মাথার ওপর উড়ছে মানচিত্রশোভিত জাতীয় পতাকা। দুই পাশে আবহমান বাংলার প্রাকৃতিক দৃশ্য। উপস্থিত সবাই গলা ছেড়ে গাইছেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরের নিয়মিত এই চিত্রই যেন গতকাল বুধবার ফিরে এসেছিল কেএফসির পল্টন শাখায়।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন স্থায়ী ভবনের নির্মাণকাজে অংশ নিতে ট্রান্সকম গ্রুপ পরিচালিত কেএফসি, পিৎজা হাট ও পিৎজা হাট ডেলিভারি রেস্টুরেন্টের ২৭টি শাখায় কর্মরত সদস্যরা প্রতীকী ইট কিনেছেন। এই ইটের মূল্যমানের অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির হাতে তুলে দিতে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে গতকাল অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। সেভাবে জনগণের অংশগ্রহণে, মালিকানায় ও পরামর্শে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হবে। কেএফসি ও পিৎজা হাটের তরুণ সদস্যরা যে অবদান রাখল তাতে আমরা মুগ্ধ। নতুন স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর হবে তরুণদের।’
ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্ম আবার যুদ্ধ করবে, সেটি হবে প্রকৃত মুক্তির যুদ্ধ। নতুন প্রজন্মের কাছে অনুরোধ, আমরা দেশ স্বাধীন করেছি, এখন তোমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তোলো।’
কেএফসি, পিৎজা হাট ও পিৎজা হাট ডেলিভারি রেস্টুরেন্টের ২৭টি শাখা থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টি তারেক আলী ও সারওয়ার আলীর হাতে প্রতীকী ইটের অর্থ তুলে দেন প্রতিটি শাখার ব্যবস্থাপক ও একজন সদস্য। কেএফসি ও পিৎজা হাটের ফ্র্যাঞ্চাইজি ইয়াম রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল থেকে আসা সুমিত আরোরা বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে সংশ্লিষ্টরা যতভাবে সম্ভব মুক্তিযুদ্ধকে জাগ্রত রেখেছেন, তাই ধন্যবাদ। তরুণ প্রজন্ম জানতে পারবে স্বাধীনতা সহজে আসেনি, এতে অনেকের অবদান ছিল। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সাজ্জাদ জহির বীর প্রতীক, কেএফসি ও পিৎজা হাটের ফ্র্যাঞ্চাইজি ইয়াম রেস্টুরেন্ট ইন্টারন্যাশনালের ভিবেক জর্জ এবং সংগীতশিল্পী তপু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণকাজের জন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম একটি প্রতীকী ইট কিনতে পারবেন। এই ক্ষেত্রে প্রতিটি প্রতীকী ইটের মূল্যমান ধরা হয়েছে ১০ হাজার টাকা।