প্রতীকী উপস্থাপনায় জলবায়ু রক্ষার ১০ দফা দাবি
তিনটি কড়াইয়ে জ্বলছে গনগনে আগুন। আগুনের তাপ বাড়াচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি শিল্পোন্নত রাষ্ট্রের প্রধানদের মুখোশ পরা তরুণ-তরুণীরা। আইলা, সিডর, লবণাক্ততা, নদীভাঙন ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষকে একের পর এক কড়াইয়ের মধ্যে ফেলা হচ্ছে। এর পাশেই খুলনা মহানগরের ১০ জন বিশিষ্ট ব্যক্তি এই বিপর্যয় থেকে রক্ষার জন্য ১০ জন বিশ্বনেতার কাছে জলবায়ু ন্যায্যতার দাবি জানাচ্ছেন। খুলনা নগরের শহীদ হাদিস পার্কে গত রোববার জলবায়ুর বিপর্যয় থেকে দুর্গত ব্যক্তিদের বাঁচাতে এই ব্যতিক্রমধর্মী প্রতীকী উপস্থাপনা আয়োজনের মাধ্যমে ১০ দফা দাবি জানানো হয়। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযানের (সিএসআরএল) সহায়তায় বেসরকারি সংস্থা হিউম্যানিটি ওয়াচ ও উত্তরণ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে আইলা-দুর্গত সংহতি মঞ্চের আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশ হয়।জলবায়ু রক্ষার দাবিগুলোর মধ্যে রয়েছে কার্বন নির্গমন কমানো, দুর্গতদের ক্ষতিপূরণ, পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, অতিরিক্ত গাড়ি ব্যবহার বন্ধ, জীবাশ্ম জ্বালানি ব্যবহার, ভোগের হার হ্রাস, দরিদ্র দেশে বর্জ্য পাঠানো বন্ধ করা, জলবায়ু-উদ্বাস্তুদের উন্নত দেশে অভিবাসনের অধিকার দেওয়া। সমাবেশে হিউম্যানিটি ওয়াচের চেয়ারপারসন সাজ্জাদুর রহিম, সংস্কৃতি শিক্ষাচর্চা কেন্দ্রের হুমায়ুন কবির, মাহফুজুর রহমান, মাহবুব আলম, তৈয়েবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।