প্রতীকী কুঁড়েঘর নিয়ে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ১০০ টাকা মানি না, মানব না। মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি ও শিক্ষকদের সম্মানজনক বাড়িভাড়া দিতে হবে।’ এমন নানা প্ল্যাকার্ড, ফেস্টুন ও প্রতীকী কুঁড়েঘর নিয়ে মানববন্ধন করেছেন শিক্ষকসমাজ। বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে গতকাল সোমবার বেলা ১১টায় শিক্ষক-কর্মচারীরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক মহসিন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশ হয়।এতে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. মজিবর রহমান, মোজাম্মেল হক, আমিনুর রহমান, গৌরাঙ্গ চন্দ্র কুণ্ডু, আমিনুল ইসলাম, রেজাউল হক, আবদুল খালেক, মজিবর রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সত্ত্বেও সরকার বেসরকারি শিক্ষকদের নানাভাবে বৈষম্যের মধ্যে রাখছে। আজ আমরা যে খড়কুটো দিয়ে ঘর তৈরি করেছি, তা ২০০ টাকার ওপরে খরচ হয়েছে। সেখানে মাত্র ১০০ টাকা বাড়িভাড়া, মেডিকেল খরচ ১৫০ টাকা কোনোভাবেই জীবনযাপনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আমরা এর পরিবর্তন চাই, চাই ভালোভাবে বেঁচে থেকে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে।’সমাবেশে বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তা যাঁরা মুক্তিযোদ্ধা, তাঁদের চাকরির মেয়াদ বাড়ালেও বেসরকারি শিক্ষকদের বেলায় তা করা হয়নি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল দিয়েও ফের বন্ধ করে দিয়েছে। অবিলম্বে বেসরকারি শিক্ষকদের সব দাবি পূরণ করে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।