প্রতীকী গণভোটে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের পক্ষে রায়
দিনাজপুরে প্রতীকী গণভোটে সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিপক্ষে মতামত দিয়েছেন সাধারণ মানুষ। গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাব চত্বরে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
প্রতীকী গণভোটের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এতে অংশ নেন ২ হাজার ৪৯৭ জন। ২ হাজার ৩২৫ জন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষা করতে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের পক্ষে ভোট দিয়েছেন। এই প্রকল্পকে সমর্থন করে ভোট দিয়েছেন ১৪৯ জন। ২৩টি ভোট বাতিল হয়েছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলার সভাপতি আমিনুল ইসলাম গতকাল দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাব চত্বরে প্রতীকী গণভোটের ফলাফল পড়ে শোনান। তিনি বলেন, ৫-২০ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীরা ব্যালট বাক্স ও এ–সংক্রান্ত প্রচারপত্র নিয়ে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সর্বস্তরের মানুষের মতামত গ্রহণে ভোট চান। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ।