চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ অধিবেশন। অধিবেশনে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার ২৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (সিইউমুনা) নামের একটি সংগঠনের উদ্যোগে এই অধিবেশনের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সিইউমুনার সভাপতি শাহরিয়ার মোত্তাকিনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মীম মালিহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাহাঙ্গীর আলম ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মো. আইয়ুব ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্বময় শান্তি রক্ষা, বিশ্বের সব দেশ ও জাতিসমূহের মধ্যে পরস্পরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, তথ্যপ্রযুক্তির উন্নয়ন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশবান্ধব একটি সুন্দর পৃথিবী গড়তে তরুণ সমাজকেই দায়িত্ব নিতে হবে। এসব বিষয়ে সক্ষমতা বাড়াতে ও চৌকস নেতৃত্বের গুণাবলি অর্জনে এই অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহ-উপাচার্য বলেন, এ রকম অধিবেশনের মাধ্যমে তরুণ প্রজন্ম আধুনিক বিশ্বের সঙ্গে কিছুটা হলেও তাল মিলিয়ে চলার শিক্ষা পাবে।
এর আগে সকালে অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।