প্রতীকী জাতিসংঘ অধিবেশনের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অধিবেশনে অংশ নেওয়া ৩২ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
চার দিনব্যাপী অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন অ্যাকাউন্টিং ও ইনফরমেশন বিভাগের অধ্যাপক আইয়ুব ইসলাম। উপস্থিত ছিলেন জাতিসংঘ যুব ছাত্র সংস্থার পরিচালক নাহিদ ফারহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ওবায়দুল ইসলাম ফারুকী ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াজেদ আলী।
অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তরুণেরা সৃজনশীল কাজের মাধ্যমে তাঁদের মেধাকে শাণিত করার পাশাপাশি দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতের ধারাবাহিকতায় সহশিক্ষা কার্যক্রমকে সব সময় উৎসাহিত করবে।
অধিবেশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে জাতিসংঘের আদলে আটটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের দুটি করে বিষয়ে বিতর্ক করতে হয়। সেখানে তাঁরা নিজ নিজ রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে মতামত তুলে ধরেন। বিতর্ক শেষে প্রতিটি কমিটি একটি করে বৈশ্বিক সমাধানপত্র তৈরি করে। প্রতিটি কমিটি থেকে ৪ জন করে মোট ৩২ জনকে পুরস্কার দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন এই প্রতীকী জাতিসংঘ অধিবেশনের আয়োজন করে। এতে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ৪০০ শিক্ষার্থী অংশ নেন। গত বুধবার অধিবেশন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
অধিবেশনে অংশগ্রহণকারী নেপালের সিজেন নিউপেন প্রথম আলোকে বলেন, ‘আমি এই অধিবেশনে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। বিভিন্ন রাষ্ট্রের সদস্যদের সঙ্গে বিতর্কের মাধ্যমে আমার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়েছে।’
এ সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মিজানুর রহমান জানান, সম্মেলনের আটটি সমাধানপত্র জাতিসংঘের কাছে পাঠানো হবে।