প্রতীকী জাতিসংঘ অধিবেশন সম্পন্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, দেশ থেকে জঙ্গিবাদ নিরসনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধেও তাঁদের অবস্থান গড়ে তোলার বিকল্প নেই। তরুণেরাই বাংলাদেশকে এগিয়ে নেবে।
চার দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন তৃতীয়বারের মতো এই অধিবেশনের আয়োজন করে।
এবারের অধিবেশনে বাংলাদেশসহ আটটি দেশের ৪০০ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ৩০ জন শিক্ষার্থী রয়েছেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়তে দীক্ষিত তরুণ সমাজ’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের মহাসচিব আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল করিম প্রমুখ।