প্রতীকী জাতিসংঘের অধিবেশন শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো বসছে প্রতীকী জাতিসংঘের অধিবেশন।

চার দিনের অধিবেশনে বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ৪০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অধিবেশনের প্রতিপাদ্য ‘সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়তে দীক্ষিত তরুণ সমাজ’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতীকী জাতিসংঘের অধিবেশনের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব আমজাদ হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি জোরদার করাই প্রতীকী জাতিসংঘের অধিবেশনের লক্ষ্য। কূটনৈতিক জ্ঞান বৃদ্ধির জন্য প্রতীকী জাতিসংঘের বিকল্প নেই। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরাও প্রতীকী এই অধিবেশনের উদ্দেশ্য।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমাদের এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে গুলশানের হলি আর্টিজানে ন্যক্কারজনক জঙ্গি হামলার কথা মাথায় রেখে। এ ন্যক্কারজনক হামলা সম্পর্কে তরুণ শিক্ষার্থীদের ভাবনা ও জঙ্গিবাদ দূরীকরণে করণীয় সম্পর্কে জানা এবারের অধিবেশনের অন্যতম লক্ষ্য।’

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে অধিবেশনের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরিণ আখতার প্রমুখ।