প্রতীকে ক্ষোভ নারী প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থীরা তাঁদের জন্য আঙুর, পুতুল, কাঁচি, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, চুড়ি, মৌমাছি ইত্যাদি প্রতীক বরাদ্দ করায় ক্ষোভ প্রকাশ করেছেন। ওই দুই পৌরসভায় বেশির ভাগ নারী প্রার্থীর পছন্দের প্রতীক ‘কাঁচি’।
নান্দাইলের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী শাহনাজ বিলকিস নারী প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতীকের মাধ্যমে নির্বাচন কমিশন নারী ও পুরুষের মধ্যে বৈষম্যের চিত্র সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমরা যে নারী, তা দেখিয়ে দিয়েছে দেশের এই সাংবিধানিক প্রতিষ্ঠান।’
ঈশ্বরগঞ্জের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর খালেদা আক্তার বলেন, নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধিদের মধ্যে যে বৈষম্য দেখা দেয়, তার শুরু হয় নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ‘নারীকেন্দ্রিক প্রতীক’ ফ্রক, ভ্যানিটি ব্যাগ, চুড়ি ইত্যাদি থেকে।
নান্দাইল ও ঈশ্বরগঞ্জ পৌরসভার নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, নারী প্রার্থীদের মধ্যে শতকরা ৮০ ভাগ প্রার্থীর পছন্দের প্রতীক ‘কাঁচি’। শতকরা ৯০ ভাগ পুরুষ প্রার্থী ‘উটপাখি’ প্রতীককে পছন্দ করেছেন।