লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি। আর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দলীয় প্রার্থীর পক্ষে ভোট টানার চেষ্টা করছে আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীর ভরসা ব্যক্তিগত ‘ভোটব্যাংক’।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী দলের জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন। বিএনপির প্রার্থী দলের পৌর কমিটির সভাপতি ও বর্তমান মেয়র সাহেদ আলী। আর জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী।
গত নির্বাচনেও (২০১১ সালে) এই তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় ৩ হাজার ৯২৩ ভোট পেয়ে সাহেদ আলী বিজয়ী হন। মেজবাহ উদ্দিন ৫৮১ ও আজাদ উদ্দিন পান ২ হাজার ৯০২ ভোট। জামায়াত-সমর্থিত প্রার্থী মোছলেহ উদ্দিন পেয়েছিলেন ২ হাজার ৮৮৫ ভোট।
উপজেলা বিএনপির সদস্যসচিব জামাল উদ্দিন বলেন, পৌর এলাকায় দলের সাংগঠনিক অবস্থা বেশ ভালো। তাই প্রার্থীর চেয়ে দলীয় প্রতীককে প্রচারণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। গত নির্বাচনে বিএনপির সাহেদ আলী ও জামায়াতের মোছলেহ উদ্দিন খন্দকার ৬ হাজার ৮০৮ ভোট পেয়েছিলেন। আওয়ামী লীগ ঘরানার প্রার্থী ছিলেন মেজবাহ উদ্দিন ও আজাদ উদ্দিন চৌধুরী। তাঁরা পেয়েছিলেন ২ হাজার ৯৬০ ভোট। এবার জামায়াতের কোনো প্রার্থী নেই। তাই জামায়াতের ভোটও ধানের শীষের পক্ষে যাবে। এ ছাড়া পৌর এলাকায় জাতীয় পার্টির সাংগঠনিক ভোট তেমন একটা নেই। এ হিসেবে নির্বাচন অবাধ হলে সাহেদ আলীর বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সাহেদ আলীর অভিযোগ, আচরণবিধি অমান্য করে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা এলাকায় মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। গত শুক্রবার তাঁরা তাঁর বাসার সামনের ব্যানার ছিঁড়ে ফেলেন ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। এ অবস্থায় ভোটের পরিবেশ নষ্ট হচ্ছে। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ বিএনপির ভোটের হিসাব মানতে নারাজ। আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, পৌর এলাকায় দলের সাংগঠনিক অবস্থা যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত। ভোটারদের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। পৌর সদর আলেকজান্ডার বাজারসহ উপজেলার বিস্তীর্ণ এলাকায় মেঘনার ভাঙন প্রতিরোধের জন্য ২০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর সুবিধাভোগী হিসেবে পৌরবাসী আওয়ামী লীগের মেয়র প্রার্থীকেই বেছে নেবেন বলে তিনি মনে করছেন।
সাইদ পারভেজ বলেন, গত নির্বাচনে আজাদ উদ্দিন আওয়ামী লীগের যে ভোট পেয়েছিলেন, জাতীয় পার্টির প্রার্থী হওয়ায় এবার তিনি তা হারাবেন। আর দলের একক প্রার্থী হিসেবে এর সুফল নৌকা প্রতীকের পক্ষেই যাবে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন আজাদ উদ্দিন চৌধুরী। তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে এলাকায় তাঁর একটা ব্যক্তিগত ভোটব্যাংক রয়েছে। সে হিসেবে ভোটের মাঠে তিনিও বেশ আলোচনায় আছেন। পৌর এলাকায় দলীয় ভোট খুব একটা না থাকলেও ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন আজাদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন নানাভাবে তাঁর প্রচারণায় বাধা দিচ্ছে, কর্মী-সমর্থকদের হয়রানি করছে। এ অবস্থায় অবাধে ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে ভোটাররা সংশয়ে আছেন।