প্রতীক্ষার শেষ হলো না তাঁর
১৭ বছর অপেক্ষার পর গর্ভধারণ করেন রাশেদা বেগম। সন্তানের মুখ দেখার প্রত্যাশায় পার করছিলেন প্রতিটি মুহূর্ত।
গত রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাশেদার সন্তানের জন্ম হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাশেদার পরিবারের অভিযোগ, জরুরি প্রসূতিসেবা না পাওয়ায় অস্ত্রোপচারের আগেই মাতৃগর্ভে কন্যাশিশুটি মারা যায়।
এখন রাশেদার দুই চোখজুড়ে কেবলই অন্ধকার। বারবার খুঁজছেন শিশুটিকে। আর কান্নায় ভেঙে পড়ছেন।
রাশেদার স্বজনদের প্রশ্ন, যদি মৃত সন্তানই প্রসব করবে, তাহলে অস্ত্রোপচার করা হলো কেন?
রাশেদা এখন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের গ্রামের বাড়ি সাতকানিয়ার মধ্যম রামপুর এলাকায়। গত শনিবার বিকেলে প্রসবব্যথা ওঠার পর রাশেদাকে প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকের পরামর্শে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
রাশেদার স্বামী আহসান উল্লাহ একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘রক্তচাপ বাড়তি এবং বাচ্চার অবস্থান ঠিক না থাকায় লোহাগাড়ার চিকিৎসক আমাদের মেডিকেলে পাঠায়। সেখানে রাত একটা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেলে রাখা হয়। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সকাল সাড়ে ১০টায় একজন চিকিৎসক দেখে বললেন বাচ্চার হূৎস্পন্দন ভালো আছে। কিন্তু ৪৫ মিনিট পর ওটিতে ঢুকিয়ে মৃত বাচ্চা বের করল। এটা কীভাবে সম্ভব? আমার বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে।’
অনুসন্ধানে জানা গেছে, শনিবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগের মেঝেতে একটি শয্যায় প্রথমে রাশেদাকে রাখা হয়। ওই রাতে সহকারী রেজিস্ট্রার ফারজানা বাশারসহ দুজন চিকিৎসক রোগীকে দেখেন। তাঁদের মতে, তখন মা ও বাচ্চা ভালো ছিল।
ফারজানা বাশার বলেন, ‘আমরা রাতে লেবার টেবিলে নিয়ে দেখেছি। বাচ্চা ভালো ছিল। তবে আরও একবার ওই রোগীকে খুঁজেছি। তখন পাইনি। উনি তখন শয্যায় শুয়ে ছিলেন।’
জানা যায়, একজন চিকিৎসক রোববার সকাল সাড়ে ১০টায় দেখে বাচ্চার হূৎস্পন্দন ভালো বলে মত দেন। এরপর সোয়া ১১টায় অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। কিছুক্ষণ পর জানানো হয়, মৃত সন্তান হয়েছে।
আহসান বলেন, ‘৪৫ মিনিট আগে যদি বাচ্চা ভালো থাকে, তাহলে কীভাবে মারা গেল—এ ব্যাপারে কোনো চিকিৎসক জবাব দেন না। কেন রাতে অস্ত্রোপচার করেনি, এটাও কেউ বলে না। ১৭ বছর পর অনেক আশাবাদী হয়েছিলাম। এখন আমার স্ত্রী ভেঙে পড়েছে।’
প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান শাহানারা চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বাচ্চা ভালো না থাকলে সাধারণত অস্ত্রোপচার করা হয় না। এখন কেন, কীভাবে এটি হলো, আমরা খতিয়ে দেখছি। আমাদের এখানে জরুরি প্রসূতিসেবা দেওয়া হয়। রাতেও অস্ত্রোপচার হয়।’