প্রতুল মুখোপাধ্যায়কে গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে স্থানীয় সামাজিক সংগঠন সমমনার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রতুল মুখোপাধ্যায় তাঁকে দেওয়া পুষ্পার্ঘ্য শহীদ মিনারের বেদিমূলে অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সমমনার সভাপতি রোকনউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ পৌরসভা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, ঐতিহ্য, উন্মেষ, কথা প্রীতি সংসদ, জেলা খেলাঘরসহ অর্ধশত সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতুল মুখোপাধ্যায়কে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।‘আমি বাংলার গান গাই’ গান খ্যাত এই শিল্পী তাঁকে দেওয়া পুষ্পার্ঘ্য শহীদ মিনার বেদিতে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আমি একটি আদর্শকে লালন করে সাধারণ মানুষের জন্য গান গাই। আমি মনে করি, এই সংবর্ধনা আমার জন্য নয়, যাঁদের জন্য আমি গান গাই, সেই সব মানুষকে দেওয়া হচ্ছে এই সংবর্ধনা।’ অনুষ্ঠানে তিনি শ্রোতাদের গান গেয়ে শোনান।