প্রতুলের গণসংগীতে আপ্লুত শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববার রাজধানীর রাজপথে তীব্র যানজট লেগেই ছিল সারা দিন। চৈত্রের তাপদাহও ছিল দুর্বিষহ। জীবিকার তাগিদে কায়িক শ্রমে নিয়োজিত মানুষের এমন দিনে কষ্টক্লান্তি যে নিদারুণ বেড়ে ওঠে তা বলারই অপেক্ষা রাখে না। ঘামে ভেজা ক্লান্ত শরীর একটু জুড়িয়ে নিতে সুযোগ পেলেই থেমেছেন রিকশাচালকেরা। তেমনি একটা জটলা ছিল শিল্পকলা একাডেমীর সামনে শিরীষগাছের তলায়। একাডেমীর ভেতর থেকে মাইকে ভেসে আসছে সুর, ‘আলু বেচো ছোলা বেচো বেচো বাখরখানি...’। গাইছেন প্রতুল মুখোপাধ্যায়। একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে তিনি গাইছিলেন উদীচীর আয়োজনে সত্যেন সেন গণসংগীত উৎসবে। মিলনায়তনের ভেতরে যেমন তেমনি বাইরের এই শ্রোতারাও মুগ্ধ গান শুনে। কলকাতার স্বনামখ্যাত গণসংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় এই উৎসব উপলক্ষেই এখন ঢাকায়। গতকাল তিনি শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে দুটি আলাদা অনুষ্ঠানে গণসংগীত গেয়ে মুগ্ধ করেছেন ঢাকার শ্রোতাদের। ‘গাও জীবনের গান, মাঠে মাঠে ঘরে ঘরে তারই আহ্বান’—এই স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো শনিবার থেকে শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে উদীচীর সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। গতকাল ছিল শেষ দিন। শেষ দিনের অনুষ্ঠান শুরু হয় আলোচনা পর্ব দিয়ে। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন প্রধান অতিথি প্রতুল মুখোপাধ্যায়। গণসংস্কৃতি, গণসংগীত এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন সংগীত বিশেষজ্ঞ মৃদুলকান্তি চক্রবর্তী, পশ্চিমবঙ্গ ভাষা সংস্কৃতি স্বাধিকার মঞ্চের সাধারণ সম্পাদক রতন বসু মজুমদার, উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ও সম্পাদক হাবিবুল আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। সভাপতিত্ব করেন উদীচীর সহসভাপতি বদিউর রহমান। আলোচনা পর্ব শেষে শুরু হয় গান। প্রতুল মুখোপাধ্যায় গেয়ে শোনান ‘লড়াই করে লড়াই’, ‘এভাবে নয় ওভাবে চলো’, ‘আলু বেচো ছোলা বেচো বেচো বাখরখানি’। পরে দলীয় গণসংগীত পরিবেশন করে ক্রান্তি, বহ্নিশিখা, বিবর্তন, সমগীত ও উদীচী। প্রতুল মুখোপাধ্যায় ছাড়াও একক গণসংগীত পরিবেশন করেন বিপুল ভট্টাচার্য, বুলবুল মহলানবীশ, তিমির নন্দী, মাহমুদ সেলিম, কামরুদ্দিন আফসার, বিশ্বজিত্ সাহা, আরিফ রহমান প্রমুখ। এর আগে দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছিল বিশেষ আড্ডা। প্রাণবন্ত সেই আড্ডায় প্রতুল মুখোপাধ্যায় বলেন, ‘গান নিয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি সকল জায়গা থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আর গণসংগীত যে ভাবগম্ভীর গলায় গাইতে হবে তার কোনো প্রয়োজন নেই। আবেগ দিয়ে গাইলে তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এভাবেই আড্ডায় মেতে উঠেছিলেন তিনি।শুধু কথাই নয়, গানও গেয়ে শুনিয়েছেন অনেকগুলো। শুরু করেছিলেন ‘দুইজনায় বাঙালি ছিলাম/ দেখো দেখি কাণ্ডখান/ তুমি এখন বাংলাদেশি, আমারে কও ইন্ডিয়ান’ দিয়ে। এরপর নানাজনের অনুরোধে গেয়ে শোনান ‘ছোকড়া চাঁদ’, ‘লং মার্চ’, ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না’সহ বেশ কয়েকটি গান।পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের গ্রন্থ বিতরণগতকাল রোববার পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল, সংস্কৃতিচর্চাকেন্দ্র ও প্রকাশনা ঋদ্ধির উদ্যোগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিনা মূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বঙ্গবন্ধু: স্বদেশের প্রতিচ্ছবি বইটি বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের লেখা এ বইয়ের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহফুজা খানম। বইটির প্রকাশক পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক নূর হোসেন তালুকদার ও চিত্রশিল্পী আবদুল মান্নান। আনোয়ার হাসান জানান, এই বই সারা দেশে এক লাখ কপি বিনা মূল্যে বিতরণ করা হবে। এরপর এই বইয়ের ওপর হবে কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ী পাঁচ শিশু তাদের একজন করে অভিভাবকসহ ভারতের শান্তিনিকেতনে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সঙ্গে ভ্রমণের সুযোগ পাবে। বইটিতে বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। শিশু চিত্রাঙ্কন স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় রাজধানীর বিভিন্ন অঞ্চলের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির চেয়ারম্যান এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক মতলুব আলী।