প্রত্নতত্ত্ববিদ মুহাম্মদ যাকারিয়া গুরুতর অসুস্থ
দেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা ও ইতিহাসবিদ আবুল কালাম মুহাম্মদ যাকারিয়া গুরুতর অসুস্থ। তিন মাস ধরে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার থেকে তাঁকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ৯৭ বছর বয়সী বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির এই সাবেক সভাপতির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আবুল কালাম মুহাম্মদ যাকারিয়ার ছোট ছেলে মারুফ শমসের যাকারিয়া প্রথম আলোকে বলেন, তাঁর বাবা গত বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন। এরপর নিয়মিতভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। এখন নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে।
আবুল কালাম মুহাম্মদ যাকারিয়া যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৪৭ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। জেলা পর্যায়ে চাকরিকালে তিনি ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা খনন ও এর ওপরে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেন। দিনাজপুরে সীতাকোট বিহার তাঁর উদ্যোগে খনন ও আবিষ্কার হয়। এ ছাড়া পুঁথি সংগ্রহ এবং পাঠোদ্ধার করে তিনি বাংলা অঞ্চলের ইতিহাস অনুসন্ধান করে যাচ্ছেন।
পুঁথির বই গুপিচন্দ্রের সন্যাস, গাজীকালু চম্পাবতীসহ বেশ কিছু পুঁথি সাহিত্য সম্পাদনার কাজ করেছেন মুহাম্মদ যাকারিয়া। ফারসি ভাষায় রচিত বেশ কিছু বই তিনি বাংলায় অনুবাদ করে প্রকাশ করেছেন।