কক্সবাজারের রামুসহ বিভিন্ন স্থানে বৌদ্ধমন্দিরে হামলা চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এতে প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি সীমা হক, এ কে এম শাহনাওয়াজ, সৈয়দ কামরুল আহছান, ইতিহাস বিভাগের শিক্ষক এ টি এম আতিকুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি হাসিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘কোনো ধার্মিক ব্যক্তির পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয়। কেননা কোনো ধর্মই সংঘাতের শিক্ষা দেয় না।’ কলা ও মানবিক অনুষদের ডিন সৈয়দ কামরুল আহছান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোড়াছুড়ির কারণে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনা হচ্ছে না।