প্রত্নসম্পদের খোঁজে খনন শুরু হাতিগাড়া মূড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লালমাই পাহাড়ের হাতিগাড়া মূড়া এলাকায় শুরু হয়েছে খননকাজ। প্রত্নসম্পদের খোঁজে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে এ খননকাজ শুরু হয়। উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, কুমিল্লার কোটবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জেলা কার্যালয়ের পাশেই হাতিগাড়া এলাকায় সুউচ্চ ওই ঢিবির (মূড়া) অবস্থান। লালমাই পাহাড়ের আঁকাবাঁকা ও উঁচু-নিচু পিচঢালা সড়কের বাঁ পাশে ২৫০ মিটার ভেতরে মূড়াটি সমতল থেকে দেড় শ ফুট ওপরে।
কর্মকর্তারা আরও বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত এ খননকাজ চলবে। খনন শেষ হলে প্রাচীন নিদর্শন পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। লালমাই-ময়নামতি পাহাড়ে এর আগে ১১টি মূড়া খনন করা হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, মূড়ার উপরিভাগে কোদাল দিয়ে কোপ দেওয়ার পর বেরিয়ে আসছে ইটের টুকরা। তাতে রয়েছে প্রাচীন আমলের স্থাপনার চিহ্ন। প্রথম দিন দুই ফুট গর্ত করে খোঁড়ার পরই প্রত্নসম্পদ প্রাপ্তির উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন খননসংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা আবদুল ওহাব ও আবদুল মহি বলেন, মুক্তিযুদ্ধে হাতিগাড়া মূড়া এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর তীব্র লড়াই হয়। সে সময় পাকিস্তানি সেনারা মূড়াটির ওপর অবস্থান নিয়েছিল। মিত্র বাহিনীর সদস্যরা মূড়ার নিচে সমতলের সড়ক দিয়ে যাওয়ার সময় ওপর থেকে তাঁদের ওপর গুলি চালায় পাকিস্তানি সেনারা। এদিক থেকেও হাতিগাড়া মূড়ার গুরুত্ব রয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, লালমাই-ময়নামতি পাহাড় প্লাইস্টোসিন যুগে গড়ে উঠেছে। এখানে বিভিন্ন সময় অনুসন্ধান করে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। এখানে আবিষ্কৃত পুরাকীর্তির আনুমানিক সময়কাল ৬ শতক থেকে ১২০০ শতক। এই সময়ে এ অঞ্চলে ছয়টি রাজবংশের ৩৪ জন নৃপতি (রাজা) রাজত্ব করেছেন বলে জানা গেছে। হাতিগাড়া মূড়া এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
এ কর্মকর্তা আরও বলেন, ২০১৫-১৬ অর্থবছরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাঁচ লাখ টাকা ব্যয়ে এ খননকাজটি করছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন দক্ষ শ্রমিক এখানে কাজ করবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. সোহরাব উদ্দিন বলেন, ১৯৫৫ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান চালিয়ে ৫৪টি প্রত্নস্থল শনাক্ত করা সম্ভব হয়। এর মধ্যে ২৩টি সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী অর্ধশত বছরে আবিষ্কৃত হয়েছে আরও বেশ কিছু প্রত্নস্থল। এসব প্রত্নস্থলে পদ্ধতিগত খননের মাধ্যমে প্রাচীন নিদর্শন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
জেলা প্রশাসক বলেন, হাতিগাড়া মূড়ায় খননের পর প্রত্নসম্পদ মিললে তা অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হবে। না মিললেও ১৫০ ফুট ওপর থেকে সবুজের সমারোহ দেখা পর্যটকদের দারুণ মোহিত করবে।