ব্যক্তিগত পর্যায়ে প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণ করার অধিকার থাকা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে এই কমিটির বৈঠকে বলা হয়, ব্যক্তিগত পর্যায়ে সংরক্ষিত অনেক প্রত্নতাত্ত্বিক সামগ্রী বিদেশে পাচার হয়ে যাচ্ছে।
কমিটি প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাচার রোধে প্রয়োজনে প্রত্নতত্ত্ব আইন, ১৯৬৮ সংশোধন করার সুপারিশ করেছে।
বৈঠক শেষে জানতে চাইলে কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি প্রথম আলোকে বলেন, প্রত্নতত্ত্ব আইন পর্যালোচনা করে কমিটির মনে হয়েছে, কোনো ব্যক্তি পারিবারিকভাবে কোনো প্রত্নতাত্ত্বিক সামগ্রীর মালিক হয়ে থাকলে তিনি সে বিষয়ে সরকারকে অবহিত করে ওই সামগ্রী সংরক্ষণ করতে পারবেন। কিন্তু তিনি তা বিক্রি করতে পারবেন না। পারিবারিকভাবে উত্তরাধিকারী নন এমন ব্যক্তি প্রত্নতাত্ত্বিক সামগ্রীর মালিক হতে পারবেন না। এ-জাতীয় সামগ্রীর মালিক হবে সরকার। তবে এ বিষয়ে আইনে ভিন্ন কোনো ব্যাখ্যা আছে কি না, সে বিষয়ে জাতীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে কমিটির আগামী বৈঠকে বিস্তারিত জানাতে বলা হয়েছে।
সিমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মমতাজ বেগম, পিনু খান ও জেবুন্নেছা আফরোজ অংশ নেন।