প্রত্যক্ষ, পরোক্ষভাবে গডফাদাররা জড়িত: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ হোক আর পরোক্ষভাবে হোক, গডফাদাররা জড়িত।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের আইভী এ কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সেলিনা হায়াত্ আইভীর বক্তব্য নিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি।
সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ বক্তব্য নেওয়া হয়।
গডফাদার কারা—সাংবাদিকেরা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার কারা সেটা শুধু নারায়ণগঞ্জবাসী না, সারা বাংলাদেশই জানে।
তদন্ত কমিটি কী জানতে চেয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলাম সিটি করপোরেশনের কাউন্সিলর। হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনও কাউন্সিলর ছিলেন। তাঁদের সম্পর্কে তদন্ত কমিটি জানতে চেয়েছে।
নারায়ণগঞ্জের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, এখনো নারায়ণগঞ্জের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘এখনো নারায়ণগঞ্জে কি স্বস্তি এসেছে? ত্বকী হত্যা, চঞ্চল হত্যা, ছাত্রলীগ নেতা মিঠুকে হত্যা কারা করেছে, সেটা কী জানতে পেরেছে? তাহলে কীভাবে বলব নিরাপদ।’
এ সময় আইভী নিরাপত্তাহীনতায় ভোগেন কি না, তা আবার জানতে চান সাংবাদিকেরা। আইভী বলেন, ‘যখন একটা শহরের জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে, সেখানে আমার কথা আলাদা করে বলার কিছু নেই। তবে আমি ভয়ে ভীত নই। মানুষ মরে একবার। মৃত্যুকে আমি ভয় পাই না। যখন মৃত্যু আসবে, তখন মরে যাব।’
এই সরকারের আমলে সাত খুনের বিচার হবে কি না, এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জের মেয়র আইভী বলেন, ‘এই সরকারের আমলেই তিন কর্মকর্তা (র্যাব কর্মকর্তা) গ্রেপ্তার হয়েছেন। এই সরকারের আমলেই তদন্ত এগিয়ে যাচ্ছে। সরকার চাইলে বাকিরাও গ্রেপ্তার হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অপেক্ষা করেন। মূল কারিগররাও বের হয়ে আসবে।’
হত্যাকাণ্ডে আইভীর ঘনিষ্ঠ কেউ জড়িত—নারায়ণগঞ্জের সরকারি দলের সাংসদ শামীম ওসমানের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আইভী বলেন, ‘আমার ঘনিষ্ঠ কেউ এমনকি আমি জড়িত থাকলেও ধরা হোক। এমনকি আমার সন্তান হলেও ধরেন। বাঁচাতে আসব না।’
পরে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জের মেয়র। তাঁর কাছে অধীনস্ত কাউন্সিলরদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। নারায়ণগঞ্জে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এ জন্য কী করা উচিত, এ ব্যাপারে তাঁর মতামত নেওয়া হয়েছে।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারি দলের সাংসদ শামীম ওসমানের বক্তব্য নেওয়া হবে।
এর আগে গত ১৭ জুলাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিন সাংবাদিকেরা তদন্ত কমিটির প্রধানের কাছে জানতে চেয়েছিলেন এ ঘটনায় নারায়ণগঞ্জের সরকারি দলের সাংসদ শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, এ বিষয়ে সময়মতো জানতে পারবেন। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন শ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে ওই সাতজনকে তুলে নিয়ে হত্যা করেছে র্যাব।
এ ঘটনায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা কারাগারে রয়েছেন। নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন।