চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের মেহেদীবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়। চারজন শিক্ষক ও ১৮ জন শিক্ষার্থী সাক্ষাৎকার দেন বলে জানা গেছে। কমিটি প্রত্যেকের কাছ থেকে লিখিত বক্তব্য নেয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সাক্ষাৎকারের সময়সূচি দেওয়া হলেও সেদিন তাতে কেউ অংশ নেননি। ফলে গতকাল দ্বিতীয়বারের মতো তারিখ ঘোষণা করে সাক্ষাৎকার নেয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ আবুল হাসনাত সেলিমউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের তদন্ত-কার্যক্রম প্রায় শেষ। দু-এক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেব।’এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নূরল আনোয়ার, কমিটির সদস্য ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সাক্ষাৎকার গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সেলিমউল্লাহ, ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আহমদ হোসাইন ও সহকারী প্রক্টর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র মাসউদ বিন হাবিব ও প্রাণিবিদ্যা পুরাতন প্রথম বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলাম নিহত হন।