নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় এখন পর্যন্ত দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন। একজন ব্যবসায়ী ও তাঁর কলেজপড়ুয়া মেয়ে সাতজনকে অপহরণের ঘটনা হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এবং পুলিশের তদন্ত কমিটির কাছে বর্ণনা করেছেন।
তাঁরা বলেছেন, তাঁদের চোখের সামনেই র৵াব কয়েকজনকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তবে যাঁদের তুলে নেওয়া হয়েছে, তাঁদের কাউকেই তাঁরা চেনেন না। তুলে নেওয়ার সময় একজনের ঘাড়ে পিস্তল নিয়ে আঘাত করতে দেখেন। যাঁকে আঘাত করা হচ্ছিল, তাঁর মুখে দাড়ি ছিল। আর যিনি আঘাত করছিলেন, তিনি সাদা গেঞ্জি ও সাদা রঙের প্যান্ট পরা ছিলেন। ঘটনার সময় একটি হাইয়েস মাইক্রোবাস, দুটি র৵াবের পিকআপ ও দুটি প্রাইভেট কার ওই স্থানে ছিল বলে সাক্ষ্যে উল্লেখ করেন তাঁরা।
সাক্ষ্য দেওয়া ব্যক্তি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার বাসিন্দা। শনিবার তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার পর তিনি পুলিশের কাছেও জবানবন্দি দিয়েছেন। তাঁর মেয়ে গতকাল দুপুরে জবানবন্দি দিয়েছেন।
ঘটনার এতদিন পর সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে ওই ব্যক্তি বলেন, তিনি মনে করেছিলেন, র৵াব কোনো আসামি ধরছে। যাঁদের গাড়িতে তুলেছে, তাঁরা হয়তো মাদক বা অন্য কিছু নিয়ে ধরা পড়েছেন। ওই দিনের বিষয়টি তিনি ও তাঁর মেয়ে বাসায় গিয়ে সবাইকে বলেছেন। কিন্তু পরে টেলিভিশনে সাতজনকে ধরে নিয়ে হত্যার খবর এবং অপহরণের সম্ভাব্য যে জায়গার কথা বলা হয়েছে, তা দেখে তাঁদের ধারণা হয়েছে, তাঁদের দেখা ঘটনার সঙ্গে এটা মিলতে পারে। এর পর থেকে তাঁরা বিষয়টি জানানোর চেষ্টা করেছেন। প্রথম দিকে ভয়ের কারণে বলতে পারেননি। পরে গণশুনানির কথা শুনে সেখানে গিয়ে বক্তব্য দিয়েছেন। এরপর পুলিশও তা জানতে চেয়েছে। পরে তিনি ও তাঁর মেয়ে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তির দেওয়া বক্তব্য অনুযায়ী, বেলা সোয়া একটার পরে তিনি মেয়েকে নিয়ে কলেজ থেকে বের হন। মেয়ের পরীক্ষা ছিল একটা পর্যন্ত। ঘটনাস্থল নারায়ণগঞ্জ স্টেডিয়াম ও ময়লা ফেলার স্থান পার হওয়ার কিছু পরে র৵াবের কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। দুজন র৵াবের পোশাক পরা ব্যক্তি অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ‘মোটরসাইকেল থামিয়ে ওদের একজনকে আমি জিজ্ঞেস করি—ভাই, কোনো সমস্যা? একজন র৵াব সদস্য ধমক দিয়ে বলেন, “ওই মিয়া, ভাগেন আপনি, যান এখান থেকে৷” র৵াবের এমন আচরণে ভয় পেয়ে আমার মেয়ে বলে, আব্বা চলো।’
প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই জায়গাটা পার হওয়ার সময় দেখেছি, একটি সাদা হাইয়েস মাইক্রোবাসে কয়েকজনকে তোলা হচ্ছে। বাইরে তিনি দুজন পোশাকধারী ও একজন সাদাপোশাকধারীকে দেখেছেন। পোশাকধারীদের হাতে থাকা অস্ত্রের তুলনায় সাদাপোশাকে থাকা ব্যক্তির অস্ত্রটি অনেক ছোট ছিল। অন্য র৵াব সদস্যরা দুটি র৵াব লেখা পিকআপে ছিলেন। এ ছাড়া দুটি প্রাইভেট কারও সেখানে ছিল।’
এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্ত চলার কারণে তিনি কিছুই বলতে পারবেন না। তদন্তের স্বার্থে কোনো তথ্য এখনই গণমাধ্যমে জানানো যায় না।