প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে প্রথম আলো বিতরণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গম এলাকা কাকরধা একেএম ইনস্টিটিউশন ও পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে প্রথম আলো পত্রিকা দেওয়া হয়েছে। প্রতিদিন ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ শিক্ষার্থী বিনা মূল্যে প্রথম আলো পত্রিকা পড়ার সুযোগ পাবে।
গতকাল মঙ্গলবার দুপুরে দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পত্রিকা তুলে দেওয়া হয়।
রাশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দাতব্য সংগঠন ‘দব্রি মির’-এর সভাপতি মামুনুল হকের আর্থিক সহযোগিতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রথম আলো পত্রিকা পৌঁছে দেওয়া হয়। আপাতত ২০ দিনের জন্য এ কার্যক্রম চলবে।
দুপুর ১২টায় বাকেরগঞ্জ উপজেলার ৫ নম্বর দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ মো. সাইয়েদুর রহমান শিক্ষকদের উপস্থিতিতে পাঁচ শিক্ষার্থীর হাতে পাঁচটি পত্রিকা তুলে দেন।
অন্যদিকে বেলা একটার দিকে ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের কাকরধা একেএম ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার এবং অন্য শিক্ষকেরা ১০ শিক্ষার্থীর হাতে ১০টি প্রথম আলো পত্রিকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক (বিক্রয়) মো. মিজানুর রহমান এবং প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান।
পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, দুর্গম এলাকা হওয়ায় এই অঞ্চলে পত্রিকা পৌঁছায় না। মাঝে মাঝে দু-একজন হকার পত্রিকা নিয়ে এলে তা অনেকেই লুফে নেন। বিনা মূল্যে শিক্ষার্থীদের জন্য পত্রিকা সরবরাহ করায় শিক্ষার্থীরা পত্রিকার প্রতি আগ্রহী হবে। একই সঙ্গে প্রথম আলোর পড়াশোনার পাতায় তারা তাদের পাঠ্য বিষয়ে নানা তথ্য জানতে পারবে। তিনি এই উদ্যোগের জন্য প্রথম আলো এবং যিনি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাঁকে ধন্যবাদ জানান।
কাকরধা একেএম ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পত্রিকা তুলে দেওয়ার মাধ্যমে নতুন নতুন পাঠকও সৃষ্টি হবে। আমরা চাই, এই অঞ্চলে পত্রিকা পৌঁছানোর ব্যবস্থা করা হোক। তাহলে অনেক গ্রাহক কিনে পত্রিকা পড়ার সুযোগ পাবে।’
এদিকে এর আগে সম্প্রতি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নয়খালী মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ কপি প্রথম আলো তুলে দেওয়া হয়।