স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবানদের সম্মান জানাতে চায় সরকার

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের তুলে এনে সরকার সম্মান জানাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘গ্রামবাংলায় ছড়িয়ে-ছিটিয়ে অনেকেই আছেন, যাঁদের খবর কেউ জানে না। আমরা চাই, যে যেখানে সামাজিক উন্নয়নে, দেশের সাহিত্য বা সাংস্কৃতিক জগতে ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন, আমরা যেন তাঁদের সম্মান করতে পারি।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নৌবাহিনীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার-২০১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী। সাতজন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বিজয়ীর পক্ষে তাঁদের সহধর্মিণী, সন্তান ও পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সকল বাধা উপেক্ষা করেই মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব। আমি বিশ্বাস করি, আমরা দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সক্ষম হব। কেউ আমাদের অগ্রগতি রুখতে পারবে না।’
পদকপ্রাপ্তদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আজকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে যাঁরা সম্মাননা পেলেন, আমি আশা করি আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে আগামী প্রজন্ম। সে জন্য আগামী দিনেও সেভাবেই কাজ করবেন।’
পুরস্কারপ্রাপ্তরা হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পাট ও বস্ত্রমন্ত্রী এম ইমাজ উদ্দিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজকর্মী মৌলভি আজমত আলী খান (মরণোত্তর), মুক্তিযুদ্ধকালীন দেশের বিমানবাহিনীর প্রথম ইউনিট ‘কিলো ফ্লাইটের’ সদস্য স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম, ১৯৭১ সালে রাজশাহী জেলার পুলিশ সুপার শহীদ শাহ আবদুল মজিদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধের সংগঠক এম আবদুল আলী (মরণোত্তর), বিশিষ্ট চিত্রশিল্পী এ কে এম আবদুর রউফ (মরণোত্তর), দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন প্রতিষ্ঠাকারী কে এম শিহাব উদ্দিন (মরণোত্তর), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সৈয়দ হাসান ইমাম, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে ভূমিকা পালনকারী রফিকুল ইসলাম (মরণোত্তর) ও আবদুস সালাম, তোষা পাট ও দেশি পাটের জীবনরহস্য আবিষ্কারক অধ্যাপক মাকসুদুল আলম (মরণোত্তর), শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রফি খান (এম আর খান), রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কবি নির্মলেন্দু গুণ। এ ছাড়া মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের সমুদ্রসীমার স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় নিরলস প্রয়াস চালানোর জন্য বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ।