প্রত্যন্ত পল্লিতে রাষ্ট্রদূতের এক বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার বিকেল চারটা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকখালী গ্রামের সরু পথ ধরে হেলেদুলে চলছে একটি গাড়ি। সেটি একসময় গিয়ে থামল সৌদি আরবপ্রবাসী রিয়াদুল ইসলামের বাড়ির সামনে।
গাড়ি থেকে নেমে এলেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত! তিনি সোজা ঢুকে পড়লেন রিয়াদুলের বাড়িতে। এই বাড়ির উঠানে বসে গ্রামবাসীর সঙ্গে গল্প শুরু করলেন। গ্রামবাসী ভাঙা ভাঙা আরবি বললেও আলোচনা অনেক দূর এগোয়। আলোচনায় উঠে আসে অনুন্নত যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা পেতে মানুষের ভোগান্তিসহ নানা দিক। রাষ্ট্রদূত দুপুরের খাবার খান রিয়াদুলের বাড়িতেই।
চলে যাওয়ার আগে রাষ্ট্রদূত ইংরেজি ভাষায় গ্রামবাসীর উদ্দেশে বললেন, ‘আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। দরিদ্র হলেও মনের দিক থেকে আপনারা অনেক বড়।’ তিনি আবার চরকখালী গ্রামে আসার কথা বারবার ব্যক্ত করেন।
চরকখালী বেতমোর রাজপাড়া ইউনিয়নের একটি গ্রাম। এটি উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম ফেরদৌস বলেন, রাষ্ট্রদূতকে কাছে পেয়ে গ্রামবাসী খুবই আনন্দিত ও অভিভূত।
ইউএনও আহসান হাবিব বলেন, রাষ্ট্রদূত কাছ থেকে প্রত্যন্ত একটি গ্রামের সমস্যাগুলো দেখেছেন। মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন।
মাহমুদ ইজ্জতের সফরসঙ্গী বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খান জানালেন, গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে বরিশালের কাউনিয়ায় বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। এর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাহমুদ ইজ্জত গত শুক্রবার দুই দিনের সফরে বরিশাল আসেন। সেখান থেকে চরকখালীর দরিদ্র মানুষের জীবন যাপন দেখানোর জন্য রাষ্ট্রদূতকে নিয়ে আসা হয়েছে।
মাসুদ এ খান বলেন, ‘ভবিষ্যতে চরকখালীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার ইচ্ছা আমাদের আছে।’