প্রত্যন্ত ২১টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই
বরিশাল বিভাগের ছয় জেলার ৪০টি উপজেলার ২১টিতেই ফায়ার সার্ভিস স্টেশন নেই। আবার যে ১৯টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন আছে, সেগুলোতে জনবল, গাড়ি ও সরঞ্জাম-সংকট প্রকট। এতে আগুন নেভানোর কাজে এসব স্টেশন প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না। এসব কারণে প্রতি বছর অগ্নিকাণ্ডে এ বিভাগের ছয় জেলায় কয়েক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল বিভাগীয় উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বরিশালের ছয় জেলায় ৫০৭টি অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হিসেবে ১৬ কোটি ৫১ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। ২০১০ সালে ৪৯০টি অগ্নিকাণ্ডে প্রায় ১৩ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে।বরিশাল বিভাগের যেসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে সেগুলো হলো, বরগুনা সদর, আমতলী, বরিশাল সদর, বানারিপাড়া, উজিরপুর, গৌরনদী, ঝালকাঠি সদর ও কাঁঠালিয়া, ভোলা সদর, লালমোহন, বোরহান উদ্দীন, চরফ্যাশন উপজেলা, পিরোজপুর সদর, নাজিরপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, পটুয়াখালী সদর ও বাউফল উপজেলা। এর মধ্যে পটুয়াখালী জেলা সদর ও বরিশাল সদরের ফায়ার সার্ভিস স্টেশন দুটি প্রথম শ্রেণী ও বাকিগুলো দ্বিতীয় শ্রেণীর। এসব স্টেশনে আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্তসংখ্যক গাড়ি, জনবল ও ওয়্যারলেস না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা দুর্ঘটনার খবর যথা সময় পান না। এ জন্য অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলছে। এ ছাড়া বরিশাল বিভাগে ফায়ার সার্ভিসের নিজস্ব ওয়ার্কশপ না থাকায় গাড়ি, পাম্প ও অন্যান্য সরঞ্জাম অকেজো হলে সেগুলো মেরামতের জন্য খুলনায় পাঠাতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, যেসব এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নেই, সেসব এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে পাশের জেলা বা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও অগ্নিনির্বাপনের গাড়ি আসতে আসতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ও বড় বড় নদী পার হয়ে আসতে হয় বলে সময় বেশি লেগে যাচ্ছে। জানা গেছে, বরগুনা জেলার বামনা, বেতাগী ও পাথরঘাটায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বছরের প্রায় সময়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলার পাথরঘাটা পৌর শহরে গত দুই বছরে তিনবার ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার খবর পেয়ে বরগুনা জেলা সদর থেকে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আমতলী উপজেলার স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, আমতলীতে চারজন ফায়ারম্যান ও দুজন কর্মকর্তার পদ অনেক দিন ধরে শূন্য থাকায় জরুরি মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। এ ছাড়া এখানে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপকের কাজে ব্যবহূত একটি পাম্প অকেজো। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, ১৯টি স্টেশনে ফায়ারম্যানের ৫৩ টি পদ শূন্য আছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ঠেকানোর জন্য বিভাগের বিভিন্ন উপজেলায় আরও সাতটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের মেহেন্দীগঞ্জ ও ঝালকাঠির নলছিটি উপজেলায় স্টেশন নির্মাণের কাজ চলছে। স্টেশন নির্মাণের জন্য বরিশাল সিটি করপোরেশন এলাকার রূপাতলী, ইছাকাঠি, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। সহকারী পরিচালক মো. সাইদুর রহমান আরও বলেন, বরিশালে নিজস্ব ওয়ার্কশপ, আধুনিক ওয়্যারলেস, নিয়ন্ত্রণকক্ষসহ অন্যান্য সুবিধা বাড়ানোর জন্য একটি প্রস্তাবনা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।