প্রত্যয়নপত্র দিতে ঘুষ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সরকারিভাবে মালয়েশিয়াগামী প্রার্থীদের প্রত্যয়নপত্র দিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের লিখন (২৩) জানান, তিনি স্বল্প ব্যয়ে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন। এ মাসেই খুলনায় প্রশিক্ষণ শুরু হবে। এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগে। ২০ দিন আগে সেটা নিতে গেলে চেয়ারম্যান এক লাখ টাকা ঘুষ দাবি করেন। ৩০ হাজার টাকা দেওয়ার পর চেয়ারম্যান ১ নম্বর ওয়ার্ড সদস্য ওসমান আলীর মাধ্যমে পুরো টাকা দাবি করেন। টাকা ছাড়া প্রত্যয়নপত্র দেওয়া হবে না বলে জানানো হয়। পরে বিষয়টি গাংনীর ইউএনওকে জানানো হলে তিনি সেই ইউপি সদস্যকে গ্রেপ্তারের হুমকি দিলে প্রত্যয়নপত্র পাওয়া যায়।
একই ইউনিয়নের জালশুকা গ্রামের আরিফুল ইসলাম, জসিম উদ্দিন, শানঘাট গ্রামের শামসুল আলমসহ তালিকাভুক্ত ১১ তরুণের মধ্যে নয়জনই ৫০ হাজার টাকা করে ঘুষ দিয়ে প্রত্যয়নপত্র নিয়েছেন বলে জানা গেছে।
তবে ধানখোলা ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক দাবি করেন, প্রার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।